ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

খাদ্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে গণপ্রতিরোধ গড়ুন: মেনন

খাদ্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে গণপ্রতিরোধ গড়ুন: মেনন
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২২ | ১০:৩০ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২২ | ১০:৩৫

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, ভর্তুকি কমিয়ে নয়; সরকারের দুর্নীতি, ভ্রান্তনীতি, অব্যবস্থাপনা ও অদক্ষতা কমিয়েই গ্যাস-বিদ্যুৎ-পানি এবং দ্রব্যমূল্য সাশ্রয়ী রাখা যায়। অথচ মানুষ যখন করোনাকালের জীবিকার ক্ষতি সামলাচ্ছে, তখনই গ্যাস-বিদ্যুৎ-পানির দাম বাড়ানোর প্রস্তাব করছে কর্তৃপক্ষ। নিত্যপণ্যের মূল্য লাফিয়ে লাফিয়ে বেড়ে যাওয়াকে আন্তর্জাতিক বাজারের ঘাড়ে চাপিয়ে খালাস বাণিজ্যমন্ত্রী। গ্যাস-বিদ্যুৎ-পানির দামবৃদ্ধির প্রস্তাব এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য বিশেষ করে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে।

বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে গ্যাস-পানি-বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রস্তাব ও চাল, ডাল, তেলসহ খাদ্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঢাকা মহানগর ওয়ার্কার্স পার্টির বিক্ষোভ সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে রাশেদ খান মেনন এসব কথা বলেন।

তিনি বলেন, মানুষ এখন টিসিবির ট্রাকের পেছনে ছুটে চলেছে। এসব ঘটনা স্বাধীনতার পরপর তেল, লবণ ও শিশুখাদ্য সংগ্রহে মানুষের দীর্ঘ লাইনের কথা স্মরণ করিয়ে দেয়।

ঢাকা মহানগর ওয়ার্কার্স পার্টির সভাপতি আবুল হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কিশোর রায়ের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য দেন মোস্তফা আলমগীর রতন, সাব্বাহ আলী খান কলিন্স, মুর্শিদা আখতার নাহার, শিউলী সিকদার, মোতালেব হোসেন জুয়েল প্রমুখ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।


আরও পড়ুন

×