যশোরে উদীচীর সম্মেলনে বোমা হামলার বিচার দাবিতে নিউইয়র্কে সমাবেশ
নিউইয়র্ক প্রতিনিধি
প্রকাশ: ১১ মার্চ ২০২০ | ০৬:৫৮
যশোরে ২১ বছর আগে ১৯৯৯ সালের ৬ মার্চ উদীচীর জাতীয় সম্মেলনে বোমা হামলা স্মরণে এবং বিচার দাবিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উদীচী যুক্তরাষ্ট্রের উদ্যোগে গত রোববার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই প্রতিবাদী সমাবেশের সূচনা করা হয়। এরপর গণসঙ্গীতের সঙ্গে সঙ্গে সমাবেশ পরিচালনা করেন উদীচী যুক্তরাষ্ট্রের সাধারণ সম্পাদক জীবন বিশ্বাস।
সমাবেশে বক্তব্য দেন উদীচী যুক্তরাষ্ট্রের সিনিয়র সহসভাপতি সুব্রত বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হারুন, উদীচীর উপদেষ্ঠা সাপ্তাহিক বাঙালি পত্রিকার সম্পাদক কৌশিক আহমেদ, রাবেয়া আক্তার ও শুক্লা চক্রবর্তী। সভায় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে একটি স্বারকলিপি প্রদানের ঘোষণা দিয়ে সেটি পাঠ করে শোনানো হয়। স্বারকলিপিটি শিগগিরই স্থানীয় কনসাল অফিসের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে প্রেরণ করা হবে।
উদীচী কেন্দ্রীয় পরিষদ দিবসটি সাংস্কৃতিক প্রতিবাদ ও বিচারের দাবিতে সব শাখা সংগঠনকে পালনের যে আহ্বান জানায় তারই প্রেক্ষিতে নিউইয়র্কে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
