কানাডায় করোনায় তৃতীয় বাংলাদেশির মৃত্যু
জামাল আলী
কানাডা (আলবার্টা) প্রতিনিধি
প্রকাশ: ১০ এপ্রিল ২০২০ | ২৩:৩৬ | আপডেট: ১০ এপ্রিল ২০২০ | ২৩:৩৮
কানাডার টরেন্টোতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে জামাল আলী (৪৫) নামের আরেক বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত সেখানে তিন বাংলাদেশির মৃত্যু হলো।
স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।
কানাডার আলবার্টার এডমেনটন, টরন্টো, মন্ট্রিয়ল এবং ব্রিটিশ কলম্বিয়ায় প্রবাসী বাঙালিদেরদের করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। মৃত তিনজনের দুজন টরেন্টো এবং একজন অটোয়ার।
জামাল আলী গত এক সপ্তাহ ধরে টরেন্টো জেনারেল হাসাপাতালে চিকিৎসাধীন ছিলেন। জামাল সিলেটের বিশ্বনাথ এলাকার অধিবাসী। তিন বছর বয়সে তিনি কানাডায় আসেন। জামাল একটি আইটি কোম্পানিতে কর্মরত ছিলেন।
কানাডায় প্রায় ১ লাখ বাংলাদেশিদের বাস। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কানাডার রাজধানী শহর অটোয়ায় গত ৪ এপ্রিল মারা গেছেন প্রথম বাংলাদেশি শরিয়ত উল্লাহ (৫৫)। এরপর গত ৫ এপ্রিল টরেন্টোতে মারা গেলেন মুক্তিযোদ্ধা তুতিউর রহমান।
বর্তমানে টরেন্টো এবং মন্ট্রিয়লে বেশ কয়েকজন বাঙালি আইসিইউতে রয়েছেন বলে জানা গেছে।
কানাডায় এখন পর্যন্ত ২২ হাজার ১৪৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ৫৬৯ আর ৬ হাজার ১৩ জন সেরে উঠেছেন।
