ফোবানা সম্মেলনের পর্দা উঠছে ১ সেপ্টেম্বর
সংবাদ সম্মেলন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৩ | ১৮:৫৭ | আপডেট: ২৬ আগস্ট ২০২৩ | ১৮:৫৭
‘প্রবাসে প্রাণের বাংলাদেশ’ স্লোগানে ১ সেপ্টেম্বর থেকে তিন দিনব্যাপী ৩৭তম ফোবানা সম্মেলন কানাডার মন্ট্রিয়লে অনুষ্ঠিত হবে। মন্ট্রিয়লের শেরাটন লাভাল হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার সংবাদ সম্মেলনে ফোবানা সম্মেলনের বিস্তারিত তুলে ধরা হয়।
বাংলাদেশে অ্যাসোসিয়েশন অব মন্ট্রিয়লের আয়োজনে এ সম্মেলনের আহ্বায়ক দেওয়ান মনিরুজ্জামান জানান, এবারের সম্মেলনে তিনটি বিষয়ের উপর তিনটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হবে। এগুলো হলো- বিজনেস লিডার্স সামিট, সাহিত্য সম্মেলন ও ইয়থ ফোরাম। এছাড়া সম্মেলনে মুক্তিযোদ্ধা সম্মাননা, ট্যালেন্ট শো, স্কলারশিপসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
তিনি জানান, কানাডা, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের বিশিষ্ট ব্যবসায়ীরা এ সম্মেলনে অংশ নেবেন। সম্মেলন আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে- বাংলাদেশকে মধ্যম আয় ও স্মার্ট বাংলাদেশে পরিণত করা এবং চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কানাডা ও যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের বাংলাদেশে আরও বিনিয়োগে উৎসাহিত করা। এছাড়া বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ তা সেমিনারের মাধ্যমে ব্যবসায়ীদের কাছে তুলে ধরা হবে।
বিজনেস লিডার্স সামিটের সমন্বয়কারীর দায়িত্ব পালন করবেন কানাডা প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী মাসুদ সিদ্দিকী। দেওয়ান মনিরুজ্জামান জানান, সম্মেলনে নর্থ আমেরিকা তথা নিউইয়র্ক, টরেন্টোসহ বিভিন্ন স্থানের সাতটি সাংস্কৃতিক সংগঠন অংশ নেবে। সম্মেলনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হবে। এতে সাবিনা ইয়াসমিন, তপন চৌধুরী, মমতাজ বেগম, বালাম, মীর সাব্বিরসহ বাংলাদেশি অনেক শিল্পী অংশ নেবেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফোবানা সম্মেলন আয়োজক কমিটির সদস্যসচিব হাফিজুর রহমান, সদস্যসচিব (প্রশাসন) অভিজিৎ দে, যুগ্ম সদস্য সচিব শাকিল আহমেদ পিয়াস, কো-কনভেনার (মিডিয়া) আরিফ খন্দকার, কো-কনভেনর (প্রকাশনা) রনজিত মজুমদার, কো-কনভেনার (প্রচার) শাহ মোহাম্মদ ফায়েক প্রমুখ।
