ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

কানাডায় করোনায় ষষ্ঠ বাংলাদেশির মৃত্যু

কানাডায় করোনায় ষষ্ঠ বাংলাদেশির মৃত্যু
×

মো.শওকত আলী

কানাডা (আলবার্টা) প্রতিনিধি

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২০ | ২৩:৪১ | আপডেট: ১৯ এপ্রিল ২০২০ | ০০:৩৫

২৪ ঘন্টারও কম সময়ের ব্যবধানে কানাডার টরেন্টোতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মো. শওকত আলী নামে আরেক বাংলাদেশির মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শনিবার টরেন্টোর ইষ্ট জেনারেল হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। এর আগে শুক্রবার করোনায় আক্রান্ত হয়ে টরেন্টোর কক্সওয়েল হাসপাতালে মারা যান গ্রেটার ফরিদপুর অ্যাসোসিয়েশন অব কানাডার প্রেসিডেন্ট মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সালাম শরীফ।  এ নিয়ে কানাডায় ৬ বাংলাদেশির মৃত্যু হলো। এর মধ্যে ৫ জনই টরন্টোতে এবং একজন অটোয়াতে মৃত্যুবরণ করেছেন।
মৃত মো.শওকত আলী জালালাবাদ অ্যাসোসিয়েশন অব টরন্টোর উপদেষ্টামন্ডলীর সদস্য ছিলেন। বেশ কয়েকদিন আগে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ।
শওকত আলী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র ছিলেন এবং সিলেট তাজপুর ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রাক্তন শিক্ষক ও অধ্যক্ষ ছিলেন । তিনি টরন্টো প্রবাসীদের কাছে অত্যন্ত বিনয়ী, সদা হাস্যোজ্জ্বল, বন্ধুবৎসল এবং ধর্মপ্রাণ মানুষ হিসেবে পরিচিত ছিলেন । অবসর গ্রহণের পর সপরিবারে তিনি স্থায়ীভাবে কানাডার টরন্টোতে বসবাস করছিলেন।
কানাডায় এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৩ হাজার ৩৮৩ জন। এর মধ্যে মারা গেছেন ১ হাজার ৪৭০ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ হাজার ২০৭ জন।

আরও পড়ুন

×