করোনা: নিউইয়র্কে বাড়ছে প্রবীণ বাংলাদেশিদের মৃত্যুর সংখ্যা
প্রতীকী ছবি
নিউইয়র্ক প্রতিনিধি
প্রকাশ: ০৬ মে ২০২০ | ০০:১০ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
নিউইয়র্কে করোনায় আক্রান্ত হয়ে প্রবীণ বাংলাদেশিদের মৃত্যু সংখ্যা অস্বাভাবিক হারে বাড়ছে। মঙ্গলবার করোনাআক্রান্ত হয়ে মৃত তিন বাংলাদেশির মধ্যে দুজনই সত্তরোর্ধ।
গত দুই সপ্তাহে এই ভাইরাসে প্রাণ হারানোদের মধ্যে সত্তরোর্ধদের সংখ্যা ২৪ জনেরও বেশি। আর নিউইয়র্কে মোট মৃতদের অর্ধেকেরও বেশি ষাটোর্ধ্ব।
মঙ্গলবার তিনজনকে নিয়ে নিউইয়র্কে এ পর্যন্ত ২১৭ জন বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন। আর ৪৯ দিনে যুক্তরাষ্ট্রের ৬টি রাজ্যে মোট ২৩৭ জন বাংলাদেশি প্রাণ হারালেন কোভিড-১৯ আক্রান্ত হয়ে।
তিন সপ্তাহেরও বেশি সময় করোনার সঙ্গে যুদ্ধ করে মঙ্গলবার দুপুরে লং আইল্যান্ড জ্যুইশ হাসপাতালে মারা যান যশোর সোসাইটি অব আমেরিকার উপদেষ্টা মোহাম্মদ মাহবুবুল হক (৭০)। আর দু সপ্তাহের বেশি সময় কুইন্সের এলমহাস্ট হাসপাতালে থেকে এদিন মারা যান হাজী আব্দুল হাইফজ দুদু মিয়া (৭৫)। একই হাসপাতালে চিকিৎসাধীন থেকে ইয়োলো ট্যাক্সি চালক নজরুল ইসলামও (৫০) মারা যান।
৪৯ দিন শেষে নিউইয়র্কে মোট ২১৭ জন, নিউজার্সীতে ৮, মিশিগানে ৬, ভার্জিনিয়ায় ৩, মেরিল্যান্ডে ২ ও ম্যাসাচুয়েটস রাজ্যে একজন বাংলাদেশি মারা গেছেন করোনায় আক্রান্ত হয়ে।