কানাডায় করোনায় প্রতিদিন গড়ে শতাধিক মৃত্যু
কানাডা প্রতিনিধি
প্রকাশ: ০৯ মে ২০২০ | ০০:২৯ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
কানাডা সরকার কতৃক সচেতনতামূলক নানা ধরনের কর্মসূচি ও পদক্ষেপ নেওয়া সত্ত্বেও কানাডায় মৃত্যুর মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। দেশটিতে করোনায় প্রতিদিন গড়ে শতাধিক মানুষের মৃত্যু হচ্ছে। এখন পর্যন্ত দেশটিতে করোনায় প্রাণ হারিয়েছেন ৪ হাজার ৫৬৯ জন মানুষ। এর মধ্যে কুইবেক প্রভিন্সেই মারা গেছেন ২ হাজার ৩৯৮ জন। আর অন্টারিওতে মৃত্যু হযেছে ১ হাজার ৩৬১ জনের।
সর্বশেষ তথ্য মোতাবেক কানাডায় করোনায় মোট আক্রান্ত ৬৬ হাজার ৪৩৪ জন। আর সুস্থ হয়েছে ৩০ হাজার ৪০৬ জন।
সারা বিশ্বে করোনাভাইরাসের প্রকোপ কমে আসলেও কানাডায় ধীরে ধীরে বেড়েই চলছে। প্রতিদিন মৃত্যুর সংখ্যা গড়ে শতাধিক। কোনোভাবেই মৃত্যুহার ১৩ শতাংশ থেকে হ্রাস পাচ্ছে না। আর আক্রান্তের সংখ্যাও ভয়াবহ আকার ধারণ করছে।
কানাডায় বিভিন্ন প্রভিন্সে অর্থনীতি নিয়ে চলছে আলাপ-আলোচনা। ইতোমধ্যে বৃটিশ কলম্বিয়ায় পরিস্থিতি উন্নত হলে সেখানে লকডাউন তুলে নেওয়া হয়েছে। এখনো কুইবেক এবং অন্টারিওতে লকডাউন থাকলেও তা যে কোনো সময় তুলে নেওয়া হতে পারে। কারণ, অর্থনীতির চালু করে ঘুরে দাঁড়াতে হবে বলে প্রশাসন মনে করছে। এদিকে টরোন্টো শহরে মাগরিবের আযানের অনুমতি দেওয়া হয়েছে শুধুমাত্র রমজান মাসের জন্য। অন্যদিকে ক্যালগেরিতেও আজ মাগরিবের আযান হয়েছে।
অপর দিকে কানাডায় প্রবাসী বাঙালিরা একে অপরের সহযোগিতা এগিয়ে আসছে। কমিউনিটি লিডাররা খবর নিচ্ছেন, ইমেইলের মাধ্যমে বিভিন্ন তথ্য দিয়ে সচেতন করছেন সবাইকে। ক্যালগেরির কিছু কিছু নিত্য প্রয়োজনীয় গ্রোসারির স্টল ব্যস্ত রয়েছে প্রবাসী বাঙালিদের ঘরে ডেলিভারি অর্ডার পৌঁছে দিতে।