ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

ইতালিতে বৈধতা পাচ্ছেন অবৈধ প্রবাসীরা

ইতালিতে বৈধতা পাচ্ছেন অবৈধ প্রবাসীরা
×

ফাইল ছবি

মিনহাজ হোসেন, ইতালী থেকে

প্রকাশ: ১৪ মে ২০২০ | ০২:৩৭ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

করোনাভাইরাসের কারণে ইতালিতে বৈধতা পাচ্ছেন অবৈধ অভিবাসীরা । এ নিয়ে যেকোনো মুহূর্তে অধ্যাদেশ জারি হতে পারে। কৃষিকাজ এবং বাসাবাড়ির  কাজ ও প্রবীণদের দেখাশোনার কাজে নিয়োজিত অবৈধ অভিবাসীরাই এ সুযোগ পাবে। এর বাইরে যাদের ২০১৯ সালের ৩১ অক্টোবরের আগে মেয়াদ শেষ হয়ে গেছে অথচ স্টে পারমিট নবায়ন করেননি, তারা নতুন কাজ খুঁজে নেওয়ার জন্য ৬ মাসের বিশেষ অনুমতি পাবেন। মাত্র দুটি সেক্টরে বৈধতা দেওয়ার কারণে বাংলাদেশিরা বেশির ভাগই এ সুযোগ থেকে বঞ্চিত হবেন বলে আশঙ্কা রয়েছে। 

ইতালিতে মৌসুমী কাজের ভিসা নিয়ে আসা প্রায় ২ লাখ প্রবাসী শ্রমিক অবৈধ হয়ে পড়েছে। করোনাভাইরাসের কারণে কৃষিখাতেও শ্রমিক সংকট দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে মঙ্গলবার মধ্যরাতে কোয়ালিশন সরকারের দুই রাজনৈতিক দল ফাইভ স্টার মুভমেন্ট এবং ডেমোক্রেটিক পার্টির মধ্যে আলোচনার পর এ ব্যাপারে ঐকমত্য হয়। তাতে সিদ্ধান্ত হয়, কৃষিকাজ ও বাসাবাড়ির গৃহস্থালী কাজের ক্ষেত্রে অবৈধ শ্রমিকদের বৈধতা দেওয়া হবে। 

এ ব্যাপারে দেশটির কৃষিমন্ত্রী তেরেসা বেলানোভা বলেন, দুই সেক্টরের বাইরে এ মুহূর্তে আমাদের বিবেচনায় অন্য কিছু নেই। 

আগামী ১ জুন থেকে ১৫ জুলাইর মধ্যে বৈধতার আবেদন করা যাবে। তবে চলতি বছরের ৮ মার্চের আগে থেকে যারা কৃষিকাজ কিংবা বাসাবাড়ির কাজ করছেন, তাদের মালিকরা নিজ শ্রমিকের জন্য আবেদন করবেন। এক্ষেত্রে কাজের মালিকদের উপযুক্ত প্রমাণসহ আবেদনের সঙ্গে সরকারি ট্যাক্স ৪০০ ইউরো জমা দিতে হবে। কাজের কন্ট্রাক্ট যতদিনের করা হবে, ঠিক ততো সময়ের জন্যই সংশ্লিষ্ট শ্রমিককে স্টে পারমিট দেয়া হবে। প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তের ক্যাবিনেটে অনুমোদনের জন্য অধ্যাদেশ এভাবেই চূড়ান্ত হয়েছে।

অধ্যাদেশ মোতাবেক কাজের কন্ট্রাক্ট বা মালিক ছাড়াও আরেক বিশেষ ক্যাটাগরিতে অবৈধ অধিবাসীরা বৈধতার আবেদনপত্র জমা দিতে পারবেন মাত্র ১৬০ ইউরো খরচায়। যাদের স্টে পারমিট ২০১৯ সালের ৩১ অক্টোবরের আগে মেয়াদোত্তীর্ণ হয়ে গিয়েছিল, এই ক্যাটাগরিতে শুধুমাত্র তারাই কাজ খুঁজে নেওয়ার জন্য ৬ মাসের বিশেষ স্টে পারমিট পাবেন। কাজ খুঁজে পেলে তা পরিবর্তন করে নেওয়া যাবে নর্মাল স্টে পারমিট হিসেবে। এক্ষেত্রে শুধু কৃষিকাজ কিংবা বৃদ্ধ-বৃদ্ধাদের সেবাযত্ম ও বাসাবাড়ির কাজে যোগদান সাপেক্ষেই স্টে পারমিট পরিবর্তন করা যাবে।

সর্বশেষ ২০১২ সালে ইতালিতে অবস্থানকারী অবৈধ অভিবাসীদের বৈধ করে নেয় সরকার। দীর্ঘ ৮ বছর পর নতুন বৈধতার ঘোষণা এলেও প্রবাসী বাংলাদেশিদের অনেকের ভাগ্যই অনিশ্চিত রয়ে গেল।

আরও পড়ুন

×