কানাডায় বেকারত্ব কমছে
কানাডা প্রতিনিধি
প্রকাশ: ১১ জুলাই ২০২০ | ২২:৪৮
কানাডার অর্থনীতিতে জুন মাসে ৯ লাখ ৫৩ হাজার কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। এতে বেকারত্বের হার ধীরে ধীরে হ্রাস পাচ্ছে দেশটিতে।
কানাডার স্থানীয় গণমাধ্যম সিটিভি পরিসংখ্যান কানাডার বরাত দিয়ে জানায়, জুনে প্রায় দশ মিলিয়ন কানাডিয়ানের চাকরি ছিল। গত মার্চ এবং এপ্রিল মাসে দেশটিতে মহামারির কারণে বন্ধ হয়ে যাওয়া ব্যবসাপ্রতিষ্ঠানগুলো আবারও চালু হতে শুরু করেছে।
পরিসংখ্যান কানাডার শ্রমশক্তি অধিদপ্তরের শুক্রবারে প্রকাশিত জরিপে দেখা গেছে, জুন মাসে ৯ লাখ ৫৩ হাজার কর্মসংস্থান যুক্ত হয়েছে, যেখানে ৪ লাখ ৮৮ হাজার পূর্ণকালীন এবং ৪ লাখ ৬৫ হাজার খণ্ডকালীন চাকরি। মে মাসে বেকারত্বের হার ১৩.৭ শতাংশ রেকর্ড- সংখ্যক আঘাতের পরে কমে এসেছে ১২.৩ শতাংশে।
এমনকি মে মাসে বেশি লোক চাকরি পেয়েছে, তবুও অনেক লোক চাকরির সন্ধান করেছেন। কারণ মে মাসে ৪ লাখ ৯১ হাজার চাকরি লাভের পরে শ্রমশক্তি প্রায় ৭ লাখ ৮৬ হাজারে বৃদ্ধি পেয়ে এটি প্রাক-মহামারির স্তরের ৪ লাখ ৪৩ হাজারের এর মধ্যে নিয়ে আসে।
কানাডার অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এ অবস্থার আরো পরিবর্তন হবে। ধীরে ধীরে স্বাস্থ্যবিধি মেনে অনেকেই চাকরিতে যোগ দিচ্ছেন। কানাডার অর্থনীতির চাকা সচল করতে নীতিনির্ধারকরা আনছেন একের পর এক পরিকল্পনা। আর তা চলতে থাকবে নির্দিষ্ট কোন ভ্যাকসিন বের না হওয়া পর্যন্ত।
আলবার্টার প্রকৌশলী মো. কাদির বললেন- এমনিতেই বছরের শুরুতে তেলের দাম কম ছিল, তার মধ্যে মরার ওপর খড়ার ঘায়ের মত করোনা মহামারি তেল, গ্যাস সেক্টরকে বড়ই নাজুক অবস্থার মধ্যে ফেলে দিয়েছে।
তিনি আরো বলেন, হয়তো আর বেশিদিন গৃহবন্দি থাকা যাবে না। সকল ধরণের প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েই ঘর থেকে বের হতে হবে। নতুন স্বাভাবিক অবস্থাকে মেনে নিতে হবে। নতুবা করোনা মহামারি অর্থনৈতিক মহামারির আকার ধারণ করতে পারে।
- বিষয় :
- কানাডা
- করোনাভাইরাস