কানাডায় এমপি হিসেবে শপথ নিলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম
শপথগ্রণ অনুষ্ঠানে ডলি বেগম। ছবি-সংগৃহীত
কানাডা প্রতিনিধি
প্রকাশ: ০১ মে ২০২৬ | ১৫:০৭
বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার নাগরিক ডলি বেগম দেশটির ফেডারেল রাজনীতিতে নতুন ইতিহাস গড়ে সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। টরোন্টোর স্কারবোরো সাউথওয়েস্ট আসন থেকে লিবারেল পার্টির প্রার্থী হিসেবে উপনির্বাচনে জয়ী হন।
এই জয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বাধীন লিবারেল পার্টি কানাডার সংসদে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পথে আরও শক্ত অবস্থানে পৌঁছায়।
শপথ গ্রহণের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ডলি বেগম জানান, স্কারবোরো সাউথওয়েস্টের সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারা তার জন্য গর্বের ও সম্মানের মুহূর্ত।
তিনি আরও জানান, দায়িত্ব গ্রহণের পর তিনি অটোয়াতে কাজ শুরু করেছেন। তার প্রধান লক্ষ্য স্কারবোরো সাউথওয়েস্টসহ পুরো কানাডার মানুষের কল্যাণে কাজ করা। কমিউনিটির গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংসদে তুলে ধরা।
উল্লেখ্য, ডলি বেগম দীর্ঘদিন ধরে স্কারবোরো এলাকায় সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। এর আগে তিনি অন্টারিও প্রাদেশিক পার্লামেন্টে এমপিপি হিসেবে তিনবার নির্বাচিত হন। ২০১৮ ও ২০২২ সালের নির্বাচনে নিউ ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে জয়ী হয়ে তিনি প্রাদেশিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেন।
চলতি বছরের শুরুতে স্কারবোরো সাউথওয়েস্ট আসনে উপনির্বাচনে লিবারেল পার্টির মনোনয়ন পেয়ে তিনি ফেডারেল রাজনীতিতে প্রবেশ করেন। নির্বাচনের আগে তিনি জীবনযাত্রার ব্যয় কমানো, সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা এবং একটি ঐক্যবদ্ধ ও সমৃদ্ধ কানাডা গঠনের প্রতিশ্রুতি দেন।
ডলি বেগমের পারিবারিক শেকড় বাংলাদেশের মৌলভীবাজারে। বাবা রাজা মিয়া ও মা জবা বেগমের সঙ্গে মাত্র ১২ বছর বয়সে তিনি কানাডায় পাড়ি জমান। পরে টরোন্টো বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক এবং ইউনিভার্সিটি কলেজ লন্ডন (ইউসিএল) থেকে উন্নয়ন প্রশাসন ও পরিকল্পনায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
এখন ফেডারেল সংসদ সদস্য হিসেবে সামনে নতুন দায়িত্ব—কমিউনিটির সেবা, নীতি নির্ধারণ এবং জনগণের প্রত্যাশা পূরণ।
