উলফাতের মুক্তি দাবিতে নিউইয়র্কে সমাবেশ
যুক্তরাষ্ট্র জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের বিক্ষোভ সমাবেশ- সমকাল
নিউইয়র্ক প্রতিনিধি
প্রকাশ: ২৮ নভেম্বর ২০১৯ | ০০:২২ | আপডেট: ২৮ নভেম্বর ২০১৯ | ০০:৫৯
জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তারের প্রতিবাদে নিউইয়র্কে যুক্তরাষ্ট্র জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল বিক্ষোভ সমাবেশ করেছে।
বুধবার রাতে জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় তাৎক্ষণিকভাবে আয়োজিত প্রতিবাদ-বিক্ষোভ সমাবেশে অবিলম্বে ইশতিয়াক আজিজ উলফাতকে মুক্তি দিয়ে আমেরিকায় তার সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানান যুক্তরাষ্ট্র জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও বিএনপির অন্যান্য অঙ্গ সংগঠনের নেতারা।
যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহসভাপতি গিয়াস আহমেদ বলেন, ‘শেখ হাসিনা জনবিচ্ছিন্ন, এখন আর মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি না, তারা এখন দুর্নীতির পক্ষের শক্তিতে পরিণত হয়েছে।’
তিনি আরও বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়াকে মিথ্যা মামলায় প্রহসনের বিচারের মাধ্যমে কারাগারে আটকে রেখে বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন না শেখ হাসিনা। অচিরেই গণঅভ্যুত্থানে পতন হবে এই স্বৈরাচারী সরকারের।’
যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামাল পাশা বাবুল বলেন, ‘অন্যায়ভাবে ইশতিয়াক আজিজ উলফাতকে গ্রেপ্তার করে সরকার তার স্বৈরাচারী মুখোশকে আরও প্রকট করে তুলেছে। মুক্তিযোদ্ধাকে গ্রেপ্তার করে যারা মুক্তিযুদ্ধের পক্ষের দাবি করে নিজেদের, তারা দেশ ও স্বাধীনতাবিরোধী। জনগণের আন্দোলনে দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করে বিএনপি এই গণবিরোধী সরকারকে ক্ষমতাচ্যুত করবে।’
যুক্তরাষ্ট্র জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি আলহ্বাজ বাবর উদ্দিন বলেন, ‘দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছেন ইশতিয়াক আজিজ উলফাত। তাকে গ্রেপ্তার করে সরকার মুক্তিযোদ্ধার কণ্ঠরোধ করতে চাইছে।’
যুক্তরাষ্ট্র জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি আলহ্বাজ বাবর উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সুরুজ্জামানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আলী হোসেন, মুক্তিযোদ্ধা মশিউর রহমান, মুক্তিযোদ্ধা ওয়াহেদ আলী মণ্ডল, শাহাদত হোসেন রাজু, আনোয়ারুল ইসলাম শাহীন, নাসির উদ্দিন, আবুল কালাম ইকবাল আনসারী, মোতাহার হোসেন, রইসউদ্দিন, মহিলা নেত্রী তাহমিনা আক্তার প্রমুখ।