ঢাকা শুক্রবার, ১৯ জুন ২০২৬

নিউইয়র্কে গৌরী প্রসন্ন মজুমদারের জন্মদিন উদযাপিত

নিউইয়র্কে গৌরী প্রসন্ন মজুমদারের জন্মদিন উদযাপিত
×

গৌরী প্রসন্ন মজুমদারের জন্মবার্ষিকী উদযাপিত- সমকাল

নিউইয়র্ক প্রতিনিধি

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০১৯ | ২২:০৬ | আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৯ | ০০:৫১

নিউইয়র্কে দ্বিতীয়বারের মতো উপমহাদেশের প্রখ্যাত গীতিকার গৌরী প্রসন্ন মজুমদারের জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। 

বৃহস্পতিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে অনুষ্ঠানের আয়োজন করে নিউইয়র্কের ‘গৌরীপ্রসন্ন মজুমদার স্মরণ সংসদ’।

শুরুতেই একাত্তরের মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। 

শুভ রায়ের সঞ্চালনায় ও সংগঠনের আহ্বায়ক মুহম্মদ ফজলুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সচিব পাবনার সন্তান গোপাল স্যানাল। আলোচনায় আরও অংশগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটের সাবেক ডিন চিত্রশিল্পী ও গীতিকার মতলুব আলী, স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায় ও শহীদ হাসান এবং প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ। গৌরীপ্রসন্ন মজুমদারের সংক্ষিপ্ত জীবনী উপস্থাপন করেন মোশাররফ হোসেন।

বক্তারা বলেন, গৌরীপ্রসন্ন মজুমদার ১৯২৫ সালের ৫ ডিসেম্বর পাবনার ফরিদপুর উপজেলার গোপালনগর গ্রামে জন্ম নেন। তার অমর সৃষ্টি কয়েকটি কালজয়ী গানের মাধ্যমে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে গৌরীপ্রসন্ন মজুমদার যে অবদান রেখেছেন তা অনস্বীকার্য। তার অবদানকে স্মরণ করতে এবং নতুন প্রজন্মকে এই মহান শিল্পীর অবদানের কথা জানাতে তার জন্মস্থান পাবনায়  স্মৃতি রক্ষা খুবই জরুরি বলেও অভিমত পোষণ করেন তারা।

অনুষ্ঠানে পাবনায় তার পৈতৃক বাড়িতে স্থাপিত স্বাস্থ্য কমপ্লেক্সটি গৌরীপ্রসন্ন মজুমদারের নামে নামকরণ করার দাবি জানানো হয়।

এরপর গৌরী প্রসন্ন মজুমদারের লেখা সংগীত পরিবেশন  করেন শহীদ হাসান, রথীন্দ্রনাথ রায়, শাহ মাহবুব। তবলায় ছিলেন তপন মোদক ও মন্দিরায় শহীন উদ্দিন। নৃত্য পরিবেশন করেন জেরিন রাইসা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউইর্কের বাংলাদেশি কবি,  সাহিত্যিক, সাংবাদিক, কণ্ঠশিল্পীসহ নানা শ্রেণি-পেশার মানুষ।

আরও পড়ুন

×