পরীক্ষাকেন্দ্রে যাওয়ার পথে দুর্ঘটনা, পরীক্ষায় বসতে পারলেন না ছয় শিক্ষার্থী
বাগমারা (রাজশাহী) সংবাদদাতা
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬ | ২২:২১
রাজশাহীর বাগমারায় স্নাতক (পাস) তৃতীয় বর্ষের পরীক্ষা দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ছয় শিক্ষার্থী। দুর্ঘটনায় আহত হওয়ায় তারা নির্ধারিত পরীক্ষায় অংশ নিতে পারেননি। রোববার দুপুরে উপজেলার হাট গাঙ্গোপাড়া-ভবানীগঞ্জ সড়কের বসন্তপুর মোড়ে শিক্ষার্থীদের বহনকারী একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ট্রাকের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীরা হলেন- আম্বিয়া খাতুন, ইসমত আরা, ইসরাত জাহান, নাসরিন আক্তার, জান্নাতুন খাতুন ও ইকবাল হোসেন। এ ছাড়া অটোরিকশাচালক গোলাম হোসেনও আহত হয়েছেন।
স্থানীয়রা জানায়, হাট গাঙ্গোপাড়া ডিগ্রি কলেজের ওই শিক্ষার্থীদের রোববার স্নাতক (পাস) তৃতীয় বর্ষের পদার্থবিজ্ঞান, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং ব্যবসায় শিক্ষা বিষয়ের পরীক্ষা ছিল। তাদের পরীক্ষাকেন্দ্র ছিল ভবানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ। দুপুর ২টায় পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও দুর্ঘটনার কারণে কেউই পরীক্ষায় অংশ নিতে পারেননি।
স্থানীয় সূত্র জানায়, বেলা দেড়টার দিকে শিক্ষার্থীদের বহনকারী অটোরিকশাটি বসন্তপুর মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সেটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাচালকসহ সাতজন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় এক শিক্ষার্থীর অভিভাবক অভিযোগ করেন, তিন কিলোমিটার দূরে মচমইল ডিগ্রি কলেজে আগে পরীক্ষাকেন্দ্র থাকলেও এবার প্রায় ১৫ কিলোমিটার দূরের ভবানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এতে শিক্ষার্থীদের দীর্ঘ পথ পাড়ি দিতে হয়েছে।
তবে এ অভিযোগ নাকচ করে হাট গাঙ্গোপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাহাবুর রহমান বলেন, উচ্চমাধ্যমিক পরীক্ষার কেন্দ্র মচমইলে হলেও ডিগ্রি পরীক্ষার কেন্দ্র হিসেবে ভবানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ নির্ধারণ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
তিনি আরও বলেন, আহত শিক্ষার্থীরা যাতে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পান, সে জন্য কলেজের পক্ষ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করা হবে।
কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, বিকেলে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য চেয়েছেন। প্রাথমিকভাবে তাকে মৌখিকভাবে বিষয়টি জানানো হয়েছে। পরে লিখিত প্রতিবেদন পাঠানো হবে।
- বিষয় :
- রাজশাহী
- সড়ক দুর্ঘটনা
- পরীক্ষা