প্রজেক্টর, জার্সি আর ভুনা খিচুড়িতে ফাইনাল খেলা
তাড়াশের দক্ষিণপাড়ায় বিশ্বকাপ ফুটবল খেলা উপলক্ষে রান্নার আয়োজন। ছবি: সমকাল
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২০ জুলাই ২০২৬ | ১০:২৯
বিশ্বকাপ ফুটবলের ফাইনাল মানেই শুধু ৯০ মিনিটের লড়াই নয়– চলনবিলে এটি যেন এক রাতের উৎসব। বড় পর্দায় খেলা, ধোঁয়া ওঠা হাঁস-খাসির ভুনা খিচুড়ি, বন্ধু-প্রতিবেশীদের আড্ডা আর প্রিয় দলের জার্সি সব মিলিয়ে আর্জেন্টিনা-স্পেন ফাইনালকে ঘিরে বিলাঞ্চলের গ্রামগুলো এখন যেন ছোট ছোট ‘ফ্যান জোনে’ পরিণত হয়েছে।
গতকাল রোববার দিনভর চলনবিলের হাটবাজারে দেখা গেছে ভিন্ন চিত্র। কেউ প্রজেক্টর ভাড়া করছেন, কেউ বড় ডেকচি, চেয়ার কিংবা সাউন্ড সিস্টেমের ব্যবস্থা করছেন। আবার কেউ ব্যস্ত হাঁস, মুরগি, গরু বা খাসির মাংস আর চিকন চাল কিনতে। কারণ, রাতভর খেলা দেখার সঙ্গে থাকবে ভুনা খিচুড়ির আয়োজনও।
তাড়াশ পৌর এলাকার দক্ষিণপাড়া মহল্লার মো. হাসান খন্দকার খোলা মাঠে বড় পর্দায় আর্জেন্টিনা-স্পেনের খেলা দেখানোর ব্যবস্থা করেছেন। সেই সঙ্গে রয়েছে রাতের খাবারের আয়োজন। তিনি জানিয়েছেন, দুই মণ চালের সঙ্গে মুরগির মাংস এবং ডালের খিচুড়ি হবে। ৩৫০ থেকে ৪০০ জন খেতে পারবেন।
একই এলাকার মিজানুর রহমান জানান, তাদের মহল্লার বড় ভাই নিজ খরচে খোলা মাঠে বড় পর্দায় ফাইনাল ম্যাচ দেখানোর পাশাপাশি খাসির ভুনা খিচুড়ির আয়োজন করেছেন। এতে মহল্লার সবাই অংশ নেবেন।
বিলাঞ্চলের নওগাঁ এলাকার বাসিন্দা আব্দুস সালাম বলেন, স্থানীয় বাজারে বড় পর্দায় খেলা দেখার পাশাপাশি অন্তত ১০০ থেকে ১৫০ জনের জন্য খিচুড়ির আয়োজন করা হয়েছে। শুধু তরুণরাই নন, উৎসবে শামিল হয়েছেন নারী ও শিশুরাও।
খোলাবাড়িয়া মহল্লার গৃহিণী মমতাজ বেগম বলেন, ছোটবেলা থেকেই তাদের পরিবারে বিশ্বকাপ ফুটবল দেখার রীতি আছে। তাই এবারও সবাই প্রিয় দলের জার্সি গায়ে দিয়ে রাতের খাবার শেষে একসঙ্গে ফাইনাল উপভোগ করবেন।
স্থানীয়দের মতে, চলনবিল অঞ্চলে স্পেনের সমর্থক থাকলেও আর্জেন্টিনার ভক্তই বেশি। আর্জেন্টিনা সমর্থক নিয়াজ আহম্মেদ বলেন, ‘এবারও আর্জেন্টিনার জয় দেখতে মুখিয়ে আছি।’
প্রবীণ কলেজ শিক্ষক শফিউল হক বাবলু বলেন, খেলাকে ঘিরে এমন মিলনমেলা ও নির্মল বিনোদনের পরিবেশ সমাজে ইতিবাচক বার্তা ছড়ায়। তাঁর প্রত্যাশা, বিশ্বকাপের ফাইনাল ঘিরে এই উৎসবমুখর পরিবেশ খেলাধুলার সৌন্দর্যই আরও বাড়িয়ে তুলবে।
- বিষয় :
- সিরাজগঞ্জ