হাকিমপুরে শিক্ষার্থী হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | ২২:০০
দিনাজপুরের হাকিমপুর উপজেলার ১ নম্বর খট্টামাধবপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাওসার রহমানকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার দুপুর ২টার দিকে ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকেই তাঁকে গ্রেপ্তার করা হয়। কাওসার রহমান ওই ইউনিয়নের চকভবানিপুর গ্রামের আশরাফ আলীর ছেলে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দুই শিক্ষার্থীকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগে ২৩ জনের নামে এবং অজ্ঞাতপরিচয় ৯০ থেকে ১০০ জনের বিরুদ্ধে হাকিমপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। নিহত শিক্ষার্থী সূর্যের বড় ভাই সুজন মিয়ার দায়ের করা ওই মামলায় কাওসার রহমান এজাহারভুক্ত ওয়ারেন্ট আসামি ছিলেন। এর আগে তিনি এই মামলায় গ্রেপ্তার হয়ে তিন মাস কারাগারে থাকার পর ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিনে মুক্তি পেয়েছিলেন। সম্প্রতি জামিনের মেয়াদ শেষ হওয়ায় আদালত তাঁর বিরুদ্ধে ফের ওয়ারেন্ট জারি করে।
গ্রেপ্তার কাওসার রহমান উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহসভাপতি ছিলেন। তবে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় তাঁকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছিল। গত ৫ আগস্টের পর তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। পরে উচ্চ আদালত থেকে জামিন নিয়ে তিনি ফের ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের দায়িত্ব পালন শুরু করেছিলেন। গতকাল দুপুরে তাঁকে গ্রেপ্তার করা হয়।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের ওয়ারেন্ট মূলে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। ৫ আগস্টের সহিংসতায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে তাঁকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে।
