কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু
প্রতীকী ছবি
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ০১ জুন ২০২৬ | ১৯:২০
কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার পৃথক স্থানে দুর্ঘটনা দুটি ঘটে।
নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রমজান আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের স্বজনরা জানান, সোমবার দুপুরে নাগেশ্বরী পৌর এলাকার ফকিরটারী বাগডাঙ্গা গ্রামের শাহিনুর আলমের ছেলে মাহবুবুল হাসান মুহিত বাড়িতে আইপিএসের ব্যাটারির সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এরপর তাকে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, দুপুরে উপজেলার বামনাঙ্গা ইউনিয়নের কুটি বামনডাঙ্গা এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানের আয়োজন চলছিল। এ সময় সাউন্ড বক্সের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন মজিবর রহমানের ছেলে সাবু মিয়া। পরে স্বজনরা তাকে বিয়ে বাড়ি থেকে উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ডা. রমজান আলী বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হওয়া দুজনকে হাসপাতালে আনা হলে পরীক্ষা নিরীক্ষা করে তাদের মৃত ঘোষণা করা হয়।
এ বিষয়ে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হীল জামান জানান, এ ঘটনায় দুটি অপমৃত্যু মামলা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
