মিঠাপুকুরে বিষাক্ত মদপানে ৩ জনের মৃত্যু, অসুস্থ ১
রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। ফাইল ছবি
মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: ০১ জুন ২০২৬ | ১৭:২৮ | আপডেট: ০১ জুন ২০২৬ | ১৭:৩০
রংপুরের মিঠাপুকুরে বিষাক্ত মদপানে ৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ১ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার ভোরে উপজেলার বালারহাট ইউনিয়নের বালারহাট বাজারে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন—ছাত্তার মিয়া (৫০), হুজুর আলী (৪৫) ও সাজু মিয়া (৫৫)। অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন এরশাদ মিয়া (৪০)।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, রোববার রাতে ওই ৪ জন মদপান করেন। পরে তাঁরা বাড়িতে ফিরে অসুস্থ হয়ে পড়েন। তাঁদের মধ্যে হুজুর আলী নিজ বাড়িতেই ভোরে মারা যান। অন্য ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে আব্দুস সাত্তার ও দুপুরে সাজু মিয়া মারা যান।
স্থানীয় ইউপি সদস্য মাইদুল ইসলাম বলেন, ‘রোববার রাতে অ্যালকোহল পান করে বাড়ি চলে যান তাঁরা। এরপর শুনি আজ ৩ জন মারা গেছেন।’
মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এরশাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘৩ জন নিষিদ্ধ অ্যালকোহল পান করে মারা গেছেন। ১ জন গুরুতর অসুস্থ।’
ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্ত করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
- বিষয় :
- রংপুর
- বিষাক্ত মদপান
- মৃত্যু
