ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

দিনাজপুরে দুই সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা, স্বামীসহ আটক ৩

দিনাজপুরে দুই সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা, স্বামীসহ আটক ৩
×
×

প্রতীকী ছবি

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬ | ১১:১৬

দিনাজপুরের চিরিরবন্দরে একটি বাড়ি থেকে গৃহবধূ ও তার দুই সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত ৮টার দিকে উপজেলার অমরপুর ইউনিয়নের মোস্তফাপুর বালুপাড়া গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর স্বামী, শ্বশুর ও শাশুড়িকে আটক করেছে পুলিশ।

নিহতরা হলেন মোস্তফাপুর গ্রামের মাহাতাব হোসেনের ছেলে শাকিলের স্ত্রী স্বর্ণা আখতার (২৩), তাঁদের ছেলে সাফায়েত হোসেন (৪) ও মেয়ে রাইসা আখতার (১)।

স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হত্যার পর স্বর্ণা গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। রোববার বিকেলে স্বর্ণা দুই সন্তানকে নিয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। পরে পরিবারের সদস্যদের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসেন এবং পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে। 

ঘরের দেয়ালে লেখা কয়েকটি বাক্যও পাওয়া গেছে। এক দেয়ালে লেখা ছিল, ‘আজ থেকে এই গল্প শেষ। আমার সন্তানদের পুলিশের কাছে দেননা। আমি অভাগি মা নিজে মারছি। আমাদের লাস পলাশবাড়ি মাটি দেন। সাকিল যেন না ছোয়। মা বাবা সরি আই লাভ ইউ।’ অন্য দেয়ালে লেখা ছিল, ‘সাফায়াত রাইসা মনি আই লাভ ইউ কলিজা পাখিরা আমার।’

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী বলেন, ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে সিআইডি, ডিবি ও থানা-পুলিশ কাজ করছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে গৃহবধূর ঝুলন্ত মরদেহ পায়নি; মরদেহটি মেঝেতে শোয়ানো ছিল। কে মরদেহ নামিয়েছেন, তা নিয়েও ধোঁয়াশা রয়েছে।

দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আনোয়ার হোসেন বলেন, নিহতদের মরদেহের ময়নাতদন্ত করা হবে। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন

×