মা ও ২ সন্তানের মরদেহ উদ্ধার
দেয়ালে লেখা ‘আজ থেকে এই গল্প শেষ, আমি অভাগী মা’
নিহতের শোয়ার ঘরে দেয়ালে লেখা। ছবি: সংগৃহীত
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬ | ১২:০৪
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ঘর থেকে গৃহবধূ ও তাঁর দুই সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাত ৮টার দিকে উপজেলার অমরপুর ইউনিয়নের মোস্তফাপুর বালুপাড়া গ্রাম থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
মৃতরা হলেন– ওই গ্রামের শাকিলের স্ত্রী স্বর্ণা আখতার (২৩) এবং তাঁর ছেলে সাফায়েত হোসেন (৪) ও মেয়ে রাইসা আখতার (১)।
স্থানীয়রা জানিয়েছেন, পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হত্যা করে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন স্বর্ণা। তবে স্বজনদের অভিযোগ, দুই সন্তানসহ গৃহবধূকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শাকিল ও তাঁর মা-বাবাকে আটক করেছে পুলিশ।
স্থানীয়রা জানায়, গতকাল নিজের ঘরে প্রবেশ করে দরজা লাগিয়ে দেন স্বর্ণা। পরে দুই সন্তানকে শ্বাসরোধে হত্যা করে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। পরিবারের সদস্যদের চিৎকারে আশপাশের মানুষ গিয়ে পুলিশে ফোন দেয়। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে এবং জিজ্ঞাসাবাদের জন্য স্বর্ণার স্বামী শাকিল, শ্বশুর মাহাতাব উদ্দিন ও শাশুড়ি ইসমত আরাকে আটক করে নিয়ে যায়।
এদিকে নিহতের শোয়ার ঘরে দেয়ালে লেখা ছিল, ‘আজ থেকে এই গল্প শেষ। আমার সন্তানদের পুলিশের কাছে দেন না। আমি অভাগী মা নিজে মারছি। আমাদের লাশ পলাশবাড়িতে মাটি দেন। সাকিল যেন না ছোঁয়। মা-বাবা সরি, আই লাভ ইউ।’ আরেক দেয়ালে লেখা ছিল, ‘সাফায়াত রাইসা মনি আই লাভ ইউ কলিজা পাখিরা আমার।’ চিরিরবন্দর থানার ওসি মাহমুদুন নবী বলেন, ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।