ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

উদ্যোগ

শীতার্ত মানুষের জন্য উষ্ণতার উৎসব

শীতার্ত মানুষের জন্য উষ্ণতার উৎসব
×

স্বেচ্ছাসেবী সংগঠন ‘চলো স্বপ্ন ছুঁই’-এর শীতবস্ত্র বিতরণ... ছবি : সংগ্রহ

রুবেল মিয়া নাহিদ

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬ | ০৭:০৭

| প্রিন্ট সংস্করণ

রংপুর তারাগঞ্জ উপজেলায় শীতার্ত ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা পৌঁছে দিতে সফলভাবে সম্পন্ন হয়েছে ‘উষ্ণতার উৎসব ২০২৬’। স্বেচ্ছাসেবী সংগঠন–চলো স্বপ্ন ছুঁই-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে তীব্র শীতের মধ্যে অসহায় মানুষের কষ্ট লাঘবে কার্যকর ভূমিকা রাখা হয়েছে। শীতে নিম্নআয়ের মানুষ, বৃদ্ধ, নারী ও শিশুর ভোগান্তির কথা বিবেচনায় রেখে এই কর্মসূচির আয়োজন করা হয়। নানা প্রতিবন্ধকতা অতিক্রম করে আয়োজকরা শীতবস্ত্র ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণের মাধ্যমে শীতার্ত মানুষের পাশে দাঁড়ান। কর্মসূচি বাস্তবায়নে স্থানীয় স্বেচ্ছাসেবক, শুভাকাঙ্ক্ষী ও দাতাদের স্বতঃস্ফূর্ত সহযোগিতা উল্লেখযোগ্য ভূমিকা রাখে।
চলো স্বপ্ন ছুঁই-এর প্রতিষ্ঠাতা মো: মুহতাসিম আবশাদ জিসান বলেন, ‘শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়বদ্ধতার অংশ। সীমিত সামর্থ্য নিয়ে কাজ করলেও মানুষের মুখে স্বস্তির হাসি দেখতে পাওয়াই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। সমাজের অসহায় মানুষের জন্য এই ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’ 
কর্মসূচিতে উপকারভোগীদের মধ্য থেকে এক প্রবীণ দিনমজুর আহাদ মিয়া বলেন, ‘এই শীতে আমাদের খুব কষ্ট হচ্ছিল। শীতবস্ত্র পেয়ে অনেক উপকার হয়েছে। যারা আমাদের পাশে দাঁড়িয়েছেন, তাদের কাছে আমরা কৃতজ্ঞ।’ 
চলো স্বপ্ন ছুঁই সংগঠনটি দীর্ঘদিন ধরে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিভিন্ন মানবিক ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ‘উষ্ণতার উৎসব ২০২৬’ তারই একটি ধারাবাহিক উদ্যোগ, যার মাধ্যমে শীতকালীন দুর্ভোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ অবদান রাখা হয়েছে।
মানবিক সহমর্মিতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি দায়িত্বশীল ও সহানুভূতিশীল সমাজ গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য। এ ধরনের উদ্যোগে সহায়তাকারী সবার প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে এবং ভবিষ্যতেও সামাজিক উন্নয়নে সবাইকে পাশে থাকার আহ্বান জানানো হয়।
আগামীর পরকিল্পনার কথা জানতে চাইলে চলো স্বপ্ন ছুঁই-এর প্রতিষ্ঠাতা মো. মুহতাসিম আবশাদ জিসান বলেন, ‘আমাদের মানবিক কার্যক্রম এলাকায় সীমাবদ্ধ না রেখে সারাদেশে ছড়িয়ে দিতে চাই। ইতোমধ্যে দেশের বিভিন্ন জায়গা থেকে অনেকেই আমাদের সঙ্গে যোগাযোগ করছে। আমরা ইতিবাচক যে সাড়া পাচ্ছি তা আমাদের নতুন করে স্বপ্ন দেখাচ্ছে।’ 

আরও পড়ুন

×