ক্যারিয়ার
স্বপ্ন বাস্তবায়নের প্রস্তুতি
বাস্তবতা ও অভিজ্ঞতার সমন্বয়ে আপনার ছোট স্বপ্নকে অনেক দূর এগিয়ে নিয়ে যান মডেল: নাবিয়া; ছবি: কাব্য
এম এম মাহবুব হাসান
প্রকাশ: ১২ জুলাই ২০২৬ | ০৭:২৬
| প্রিন্ট সংস্করণ
আমাদের চারপাশে এমন অসংখ্য মানুষ আছেন, যাঁদের মনে প্রতিনিয়ত নতুন নতুন ভাবনা জন্ম নেয়। কেউ হয়তো একটি ছোট পাঠাগার গড়তে চান, কেউ স্থানীয় কৃষকদের নিয়ে একটি মেলার আয়োজন করতে চান, আবার কেউ তরুণদের জন্য একটি জ্ঞানভিত্তিক উদ্যোগ শুরু করার স্বপ্ন দেখেন। কিন্তু অনেকেই শুরুতেই বড় পরিসর, পর্যাপ্ত অর্থ বা প্রয়োজনীয় সহযোগিতার অভাবের কথা ভেবে পিছিয়ে যান।
সাধারণ থেকে শুরু...
ইতিহাস বলে, বিশ্বের অনেক প্রভাবশালী ও আলোচিত ‘ফ্ল্যাগশিপ’ উদ্যোগের যাত্রা শুরু হয়েছিল খুব সাধারণ ও সীমিত পরিসরে। সময়ের সঙ্গে সঠিক পরিকল্পনা, ধারাবাহিকতা ও উদ্ভাবনী চিন্তার মাধ্যমে সেগুলো পরিণত হয়েছে বড় পরিসরের প্ল্যাটফর্মে। ব্যাংকিং খাতের একটি উদাহরণ এখানে প্রাসঙ্গিক। তরুণ প্রজন্মের মধ্যে আর্থিক সচেতনতা তৈরি এবং ক্যারিয়ার উন্নয়নে দিকনির্দেশনা দেওয়ার লক্ষ্য নিয়ে ২০২৫ সালে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ‘এমপাওয়ারিং ইয়ুথ’ নামে একটি উদ্যোগ শুরু হয়। দেশের প্রথম সারির একটি বেসরকারি ব্যাংকের একটি ছোট পরিসরের সেই আয়োজন পরবর্তী সময়ে দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে বিস্তৃত হয়েছে। ধীরে ধীরে এটি শিক্ষার্থীদের কাছে একটি পরিচিত প্ল্যাটফর্মে পরিণত হচ্ছে, যেখানে ইন্ডাস্ট্রি ও একাডেমিয়ার মধ্যে সংযোগের সুযোগ তৈরি হচ্ছে।
কেন করছেন?
যেকোনো উদ্যোগের মূল ভিত্তি হলো এর উদ্দেশ্য বা ‘কেন’। এ প্রসঙ্গে জার্মান দার্শনিক ফ্রিডরিখ নিৎশের একটি বিখ্যাত ভাবনা উল্লেখ করা যায়। “যার জীবনের একটি ‘কেন’ আছে, সে প্রায় যেকোনো ‘কীভাবে’ সহ্য করতে পারে।”
একটি উদ্যোগের ক্ষেত্রেও বিষয়টি গুরুত্বপূর্ণ। আপনি কেন এটি করছেন? এটি কি শুধু একটি আয়োজন, নাকি কোনো বাস্তব সমস্যা সমাধানের চেষ্টা? কার জন্য এটি করা হচ্ছে এবং এর দীর্ঘমেয়াদি প্রভাব কী হতে পারে–এই প্রশ্নগুলোর উত্তর পরিষ্কার থাকলে উদ্যোগটি সঠিক পথে এগিয়ে যায়।
বাস্তবতা ও ভবিষ্যতের সমন্বয়
বড় স্বপ্ন বাস্তবায়নের জন্য প্রয়োজন বাস্তবসম্মত রোডম্যাপ। শুরুতেই বড় লক্ষ্য অর্জনের চেষ্টা না করে ছোট ছোট ধাপে এগিয়ে যাওয়া কার্যকর।
স্বল্পমেয়াদে লক্ষ্য হতে পারে একটি কাজকে সফলভাবে সম্পন্ন করা। দীর্ঘমেয়াদে ভাবতে হবে–পাঁচ বছর পর উদ্যোগটি কোথায় দাঁড়াবে?
ধরা যাক, কেউ তরুণদের জন্য একটি বিজ্ঞান উৎসব শুরু করতে চান। প্রথম বছর সীমিতসংখ্যক অংশগ্রহণকারী নিয়ে শুরু করা যেতে পারে। পরবর্তী সময়ে অভিজ্ঞতা, সক্ষমতা ও চাহিদা বিশ্লেষণ করে ধাপে ধাপে পরিধি বাড়ানো সম্ভব।
প্রভাব মূল্যায়ন
একটি উদ্যোগের সফলতা শুধু অংশগ্রহণকারীর সংখ্যা দিয়ে বিচার করা যায় না। প্রকৃত সফলতা নির্ভর করে এর প্রভাবের ওপর। কতজন মানুষ যুক্ত হলো–এটি গুরুত্বপূর্ণ। আরও গুরুত্বপূর্ণ হলো তাঁরা কী শিখলেন, কী পরিবর্তন এলো এবং উদ্যোগটি সমাজে কতটা ইতিবাচক প্রভাব ফেলল। এ জন্য নিয়মিত ফিডব্যাক নেওয়া, অভিজ্ঞতা বিশ্লেষণ করা এবং প্রয়োজন অনুযায়ী কৌশল পরিবর্তন করা জরুরি। ছোট ছোট উন্নয়নই একসময় বড় পরিবর্তনের ভিত্তি তৈরি করে।
স্বতন্ত্র পরিচিতি
একটি উদ্যোগকে অন্যদের থেকে আলাদা করে তোলে তার নিজস্ব বৈশিষ্ট্য। মানুষ কেন আপনার উদ্যোগে যুক্ত হবে–এই প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হবে। একই ধরনের অনেক আয়োজন থাকলেও কিছু উদ্যোগ আলাদা হয়ে ওঠে তাদের উপস্থাপন, অভিজ্ঞতা এবং অংশগ্রহণকারীদের সঙ্গে সম্পর্ক তৈরির কারণে। একটি ফ্ল্যাগশিপ ইভেন্টের শক্তি এখানেই। এটি শুধু একটি আয়োজন নয়, একটি অভিজ্ঞতা তৈরি করে।
সঠিক অংশীদারিত্ব ও নেতৃত্ব
বড় কোনো উদ্যোগ একার পক্ষে এগিয়ে নেওয়া কঠিন। প্রয়োজন এমন অংশীজন, যারা একই লক্ষ্য ও মূল্যবোধে বিশ্বাস করেন। একটি ভালো ধারণাকে অন্যদের কাছে এমনভাবে উপস্থাপন করতে হয়, যাতে তাঁরা এটিকে নিজেদের উদ্যোগ মনে করেন। নেতৃত্ব মানে শুধু নির্দেশ দেওয়া নয়; বরং সঠিক মানুষকে সঠিক দায়িত্ব দেওয়া এবং একটি অভিন্ন লক্ষ্যকে সামনে রেখে সবাইকে এগিয়ে নেওয়া।
ছোট উদ্যোগের বড় হয়ে ওঠার গল্প
ধরা যাক, একদল তরুণ একটি এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করল। তারা এটিকে শুধু পরিষ্কার-পরিচ্ছন্নতার মধ্যে সীমাবদ্ধ না রেখে ‘পরিচ্ছন্ন ও সবুজ পৃথিবী’ নামে একটি বৃহত্তর উদ্যোগে রূপ দিল। এর সঙ্গে যুক্ত করল শিক্ষার্থীদের অংশগ্রহণ, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন সম্পর্কিত সচেতনতামূলক আলোচনা এবং স্থানীয় মানুষের সম্পৃক্ততা। একটি ছোট কর্মসূচি তখন একটি কমিউনিটি আন্দোলনে পরিণত হলো। এটিই একটি উদ্যোগের বিবর্তন– ছোট শুরু থেকে বড় প্রভাবের পথে যাত্রা। বড় সাফল্যের শুরু প্রায় সব সময়ই ছোট কোনো পদক্ষেপ থেকে। একটি ছোট উদ্যোগ, যদি থাকে বড় চিন্তা, পরিষ্কার লক্ষ্য এবং সঠিক বাস্তবায়ন–তবে সেটিই একদিন একটি ফ্ল্যাগশিপ ইভেন্টে পরিণত হতে পারে।
লেখক: ব্যাংকার ও উন্নয়ন গবেষক
- বিষয় :
- চাকরি