প্রকাশ হলো বিশেষ সংকলন ‘গাহি সাম্যের গান’
নজরুলের ‘সাম্যবাদী’ কাব্যগ্রন্থের শতবর্ষ
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী কাব্যগ্রন্থ ‘সাম্যবাদী’র শতবর্ষ পূর্তি উপলক্ষে শনিবার রাজধানীর তেজগাঁওয়ে বিশেষ সংকলন ‘গাহি সাম্যের গান’-এর প্রকাশনা উৎসবে অতিথিরা -সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫ | ০৭:৪১
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী কাব্যগ্রন্থ ‘সাম্যবাদী’র শতবর্ষ পূর্তি উপলক্ষে প্রকাশিত হয়েছে বিশেষ সংকলন ‘গাহি সাম্যের গান’। নজরুলের সাম্যচেতনা ও মানবিক দর্শনকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার প্রয়াসে এই সংকলন প্রকাশ করেছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন।
গতকাল শনিবার দুপুর ১২টায় তেজগাঁওয়ে চ্যানেল আই প্রাঙ্গণে মুস্তাফা মনোয়ার স্টুডিওতে আয়োজন করা হয় সংকলনের প্রকাশনা উৎসব। এতে উপস্থিত ছিলেন নজরুলসংগীত শিল্পী ফেরদৌস আরা, নজরুল গবেষক সাজেদ কামাল, কবি নজরুল ইনস্টিটিউটের সাবেক নির্বাহী পরিচালক এএফএম হায়াতুল্লাহ, সংকলনের সম্পাদক ইকরাম আহমেদ লেনিন এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু।
অনুষ্ঠানে আবৃত্তিশিল্পী টিটো মুন্সী নজরুলের ‘নার’ কবিতা এবং শিমুল পারভিন ‘মানুষ’ কবিতা আবৃত্তি করেন, যা অনুষ্ঠানে এক অনন্য আবহ সৃষ্টি করে। সংকলনটিতে কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কাব্যগ্রন্থের ১১টি কবিতা ১১টি আন্তর্জাতিক ভাষায় অনূদিত হয়ে স্থান পেয়েছে। সেই সঙ্গে নজরুলের সাম্যবাদ, মানবতা ও সাহিত্য ভাবনা নিয়ে লেখা ১০টি গুরুত্বপূর্ণ গবেষণামূলক প্রবন্ধও এতে স্থান পেয়েছে।
১৯২৫ সালে প্রথম প্রকাশিত হয় নজরুলের সাম্যবাদী কাব্যগ্রন্থ। এতে মাত্র ১১টি কবিতা রয়েছে। কিন্তু বর্তমানে এটি বাংলা সাহিত্যের বিপ্লবী ধারায় এক অনন্য সংযোজন। এক শতক পরেও গ্রন্থটি আজও সমানভাবে প্রাসঙ্গিক।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম তাঁর সাম্যবাদী কাব্যগ্রন্থে মানুষের মর্যাদা, ধর্মনিরপেক্ষতা এবং নারী-পুরুষের সমতার কথা বলেছেন। রয়েছে শ্রেণিবৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদও।
চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু বলেন, জাতীয় কবির সাম্যের বাণী শুধু বাংলা ভাষাভাষীর নয়, এটি পুরো মানবজাতির এক গুরুত্বপূর্ণ ঐতিহ্য। ফেরদৌস আরা বলেন, নজরুল ছিলেন সাহসী ও স্বাধীন। তিনি নিজের পথ নিজেই তৈরি করেছিলেন। সাজেদ কামাল বলেন, সাম্যবাদী গ্রন্থে শ্রেণি বিভাজনের বিরুদ্ধে জোরালো উচ্চারণ রয়েছে, যা বাংলা কবিতায় বিরল। ইকরাম আহমেদ লেনিন বলেন, নজরুলের সাম্যবাদী কাব্যগ্রন্থ সমাজ, রাজনীতি ও মানবতার দর্শনের স্পষ্ট প্রতিফলন।
- বিষয় :
- নজরুল উৎসব
