ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

মাথার ত্বক থাকুক সুরক্ষিত

মাথার ত্বক থাকুক সুরক্ষিত
×

চুল ভালো রাখতে নিয়মিত আঁচড়ানো জরুরি মডেল: জেসিকা; ছবি: মঞ্জু আলম

আফরিনা আক্তার 

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫ | ০৬:১৮

ভ্যাপসা গরমে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেড়ে যায়। তীব্র গরম অনুভূত হয়। এমন গরম কেবল শরীরকে ক্লান্ত করে না বরং মাথার ত্বকের ওপর প্রভাব ফেলে। বাতাসের আর্দ্রতা ও ঘামের ফলে মাথার ত্বকের খুশকি, চুলকানি, চুল কুঁচকে যাওয়া, এমনকি হেয়ারফলও দেখা দেয়। এ সময় শরীরকে যেমন যত্নে রাখতে হয়, তেমনি মাথার ত্বকেও রাখতে হবে একটু পরিচর্যায়।
মাথার ত্বকে যে সমস্যা হতে পারে
হঠাৎ রোদ্দুর এবং আর্দ্রতার হাতছানিতে ভ্যাপসা গরম মাথার ত্বকের ওপরে বিরূপ প্রভাব ফেলে। সূর্যের আলো এবং ইউভি রশ্মি মাথার প্রাকৃতিক তেল শুষে নেয় এবং তেল মাথার ত্বকে জমাট বাঁধে। যার ফলে খুশকি, এমনকি চুল পড়ে যায়। গরমের কারণে মাথার ত্বকে জ্বালাপোড়া সমস্যা হয়। এ ছাড়া অতিরিক্ত ঘামের ফলে ঘামাচি ও ছত্রাকজনিত সমস্যা দেখা যায়।
নিয়মিত মাথা ধোয়া
গরমে অতিরিক্ত ঘাম, ধুলোবালি এবং পরিবেশগত ময়লার ফলে মাথার ত্বকে দ্রুত নোংরা ভাব তৈরি হয়। এতে চুলের ছিদ্র বন্ধ হয়ে খুশকি, চুলকানি ও তেলের ভারসাম্য নষ্ট হয়ে যায়। তাই সপ্তাহে অন্তত তিন থেকে চার দিন মাইল্ড শ্যাম্পু, অর্থাৎ মৃদু এবং সালফেটমুক্ত স্যালিসিলিক এসিড, টি ট্রি অয়েল অথবা কেটোকোনাজোলের মতো উপাদানযুক্ত শ্যাম্পু ব্যবহার করে চুল ধোয়া উচিত। যাদের চুলে অতিরিক্ত ঘাম হয়, তাদের সপ্তাহে একদিন পরপর মাথা ধোয়া যেতে পারে। তবে প্রতিদিন তীব্র শ্যাম্পু ব্যবহার করলে চুলের প্রাকৃতিক তেলের ক্ষতি হয়। ফলে চুল শুষ্ক ও রুক্ষ হয়ে পড়ে। 
কন্ডিশনার ব্যবহার
ভ্যাপসা গরমে শ্যাম্পু ব্যবহারের পর হালকা ও সতেজ কন্ডিশনার ব্যবহার করুন। এতে চুলের আর্দ্রতা বজায় থাকবে। এ ক্ষেত্রে অ্যালোভেরা, গ্লিসারিন, হায়ালুরোনিক এসিড ও হাইড্রোলাইজড প্রোটিনসমৃদ্ধ কন্ডিশনার ব্যবহার করুন। এসব উপাদান মাথার ত্বককে ঠান্ডা রাখে। খুশকি ও তেলতেলে ভাব কমায় এবং চুলকে কোমল ও সতেজ রাখে। শ্যাম্পু করার পর চুলের ডগায় কন্ডিশনার ব্যবহার করুন। 
সূর্যের তাপ থেকে সুরক্ষা
সরাসরি রোদ থেকে চুল রক্ষা করুন। দীর্ঘক্ষণ রোদে থাকার ফলে মাথার ত্বক পুড়ে যেতে পারে এবং চুলের প্রাকৃতিক বা কৃত্রিম রং নষ্ট হয়ে যেতে পারে। তাই বাইরে বেরোনোর সময় মাথা ঢেকে রাখুন। রোদের হাত থেকে বাঁচতে হালকা, চওড়া টুপি অথবা পাতলা ও হালকা রঙের বাতাস চলাচল করতে পারে এমন স্কার্ফ ব্যবহার করুন।
সঠিক সরঞ্জাম ব্যবহার
ভ্যাপসা গরমে মাথার ত্বকের যত্নে হালকা ও সঠিক উপকরণ ব্যবহার করুন। চওড়া দাঁতের কাঠের বা বাঁশের চিরুনি ব্যবহার করুন। খুব ঘন দাঁতের প্লাস্টিক চিরুনি ব্যবহার করা উচিত নয়, কারণ এতে গরম স্ক্যাল্পে অস্বস্তি ও জ্বালাপোড়া তৈরি হয়। সেই সঙ্গে নরম ও পাতলা টেক্সচারের পরিষ্কার তোয়ালে ব্যবহার করুন।
হাইড্রেট থাকুন
আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে খাদ্যাভ্যাসের খানিকটা পরিবর্তন ঘটে। এ সময় ভ্যাপসা গরমের অস্বস্তিকর অবস্থা থেকে রেহাই পেতে দিনের পর্যাপ্ত পরিমাণে নিরাপদ পানি পান করুন। মাথার ত্বককে ভেতর থেকে হাইড্রেট রাখতে ফলমূল যেমন– ডাব, লেবু, শসা, কিছু দেশীয় ফলমূল ও সবুজ শাকসবজি বেশি করে খান। অতিরিক্ত ভাজাপোড়া অথবা মসলাযুক্ত খাবার এড়িয়ে চলুন। v

আরও পড়ুন

×