ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

ঘরে বসেই ব্লো ড্রাই

ঘরে বসেই ব্লো ড্রাই
×

ব্লো ড্রাইয়ের পর হেয়ার সিরাম ব্যবহার করলে চুল মসৃণ থাকে ছবি: সংগৃহীত

ফাতেমা তুজ জোহরা

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫ | ০৬:২৭

বর্তমানের ব্যস্ত সময়ে প্রতিদিন স্যালুনে গিয়ে চুল সেট করা সম্ভব নয়। অথচ সুন্দরভাবে সাজানো চুল ব্যক্তিত্বকে করে তোলে আরও উজ্জ্বল ও আত্মবিশ্বাসী। এ কারণে ঘরে বসেই ব্লো ড্রাই শিখে নিতে পারেন। সামান্য সরঞ্জাম আর সঠিক কৌশল জানলে ঘরে বসেই করে ফেলতে পারবেন পেশাদার মানের ব্লো ড্রাই। এতে যেমন সময় বাঁচবে, তেমনি অর্থেরও সাশ্রয় হবে।
ব্লো ড্রাই করার ধাপগুলো 
চুল পরিষ্কার করুন
ব্লো ড্রাই করার আগে অবশ্যই চুল পরিষ্কার রাখতে হবে। এজন্য হালকা শ্যাম্পু দিয়ে ভালোভাবে ধুয়ে নিন এবং কন্ডিশনার ব্যবহার করুন। এতে চুল নরম ও মসৃণ হবে। ফলে ব্রাশ চালানো সহজ হবে। অপরিষ্কার বা তেলতেলে চুলে ব্লো ড্রাই করলে চুল দ্রুত ভারী হয়ে যায় এবং স্টাইল ধরে রাখা যায় না।
অতিরিক্ত পানি শুকিয়ে নিন
শ্যাম্পুর পর চুল ভিজে থাকে। ভেজা চুলে সঙ্গে সঙ্গেই ব্লো ড্রাই শুরু করা উচিত নয়। ভেজা চুলে সরাসরি তাপ দিলে চুলের গোড়া দুর্বল হয়ে ভাঙতে পারে। তাই তোয়ালে দিয়ে আলতোভাবে মুছে নিন। প্রয়োজনে হালকা বাতাসে কয়েক মিনিট রেখে কিছুটা শুকিয়ে নিন। অর্ধেক শুকানো চুল ব্লো ড্রাইয়ের জন্য সবচেয়ে উপযুক্ত।
হিট প্রটেকশন ব্যবহার করুন
চুলে বারবার তাপ প্রয়োগ করলে চুল শুষ্ক ও রুক্ষ হয়ে যায়। তাই ব্লো ড্রাইয়ের আগে অবশ্যই হিট প্রটেকশন স্প্রে বা সিরাম ব্যবহার করুন। এটি চুলে এক ধরনের প্রটেকটিভ লেয়ার তৈরি করে, যা তাপের ক্ষতি থেকে রক্ষা করে। সেই সঙ্গে ব্লো ড্রাইয়ের পরও চুল স্বাস্থ্যকর ও উজ্জ্বল থাকে। 
চুল ভাগ করুন
চুল একসঙ্গে শুকানোর চেষ্টা করলে ঠিকভাবে স্টাইল হয় না। তাই চুলকে কয়েকটি ভাগে ভাগ করে ক্লিপ দিয়ে আটকে নিন। সাধারণত সামনের অংশ, দুই পাশ ও পেছনের অংশে ভাগ করলে কাজ সহজ হয়। এতে প্রতিটি অংশ সমানভাবে শুকাবে এবং স্টাইলও দীর্ঘস্থায়ী হবে।
সঠিক দিক থেকে ড্রাই করুন
ব্লো ড্রাই করার সময় বাতাসের দিক পরিবর্তন করা খুব গুরুত্বপূর্ণ। সব সময় ওপরের দিক থেকে নিচের দিকে বাতাস ছাড়ুন। এতে চুলের কিউটিকল ঠিক থাকে, চুল ফ্রিজি হয় না এবং বাড়তি ঔজ্জ্বল্য পায়। নিচ থেকে ওপরের দিকে বাতাস দিলে চুল এলোমেলো ও খসখসে হয়ে যায়।
ব্রাশের সাহায্য নিন
ব্লো ড্রাইয়ের সময় ব্রাশ ব্যবহার করলে চুলে সুন্দর ভলিউম আসে। গোল ব্রাশ দিয়ে চুল ভেতরের দিকে টেনে ড্রাই করলে স্যালুনের মতো স্টাইল পাওয়া যায়। আবার প্যাডেল ব্রাশ ব্যবহার করলে চুল সোজা ও স্মুথ দেখাবে। সামনের ফ্রিঞ্জ বা সাইডের চুলে গোল ব্রাশের ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়।
তাপমাত্রা নিয়ন্ত্রণ করুন
অনেকে চুল দ্রুত শুকানোর জন্য হাই হিট ব্যবহার করেন। এতে ক্ষতির আশঙ্কা বেশি। মাঝারি তাপমাত্রায় ড্রাই করা সবচেয়ে ভালো। চুল প্রায় শুকিয়ে এলে কুল মোডে ড্রাই করুন। এতে স্টাইল লক হয়ে যায় এবং অনেকক্ষণ টিকেও থাকে।
ব্লো ড্রাই শেষে যত্ন নিন
ব্লো ড্রাই শেষে হালকা হেয়ার সিরাম বা লিভ-ইন কন্ডিশনার ব্যবহার করলে চুল মসৃণ ও চকচকে থাকে। চাইলে হালকা হেয়ার স্প্রে ব্যবহার করা যায়। এতে চুলের স্টাইল দীর্ঘ সময় স্থায়ী হবে।
ঘরে বসে ব্লো ড্রাই করা মোটেই জটিল কাজ নয়। শুধু কিছু ধাপ মেনে চললেই সহজে স্যালুন মানের সাজ পাওয়া সম্ভব। তবে প্রতিদিন ব্লো ড্রাই করা উচিত নয়। কারণ, অতিরিক্ত তাপ চুলের ক্ষতি করে। সপ্তাহে দুই-তিনবার সঠিক যত্নের সঙ্গে ব্লো ড্রাই করা নিরাপদ। এর মাধ্যমে স্যালুনে যাওয়া ঝামেলা ছাড়াই কম খরচে ঘরে বসেই চুলকে করা যাবে সুন্দর, মসৃণ ও আকর্ষণীয়। v

আরও পড়ুন

×