ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ছেলেদের পোশাকে নতুনত্ব

ছেলেদের পোশাকে নতুনত্ব
×

ছেলেদের পোশাকে এখন গুরুত্ব পাচ্ছে রং, প্যাটার্ন, কাটিং ও সূক্ষ্ম কারুকাজ মডেল: সেলিম; পোশাক: টুয়েলভ ক্লদিং; ছবি: কাব্য

ইসরাত জাহান 

প্রকাশ: ১১ মার্চ ২০২৬ | ০৭:০১

| প্রিন্ট সংস্করণ

ঈদ মানেই নতুন পোশাক, সাজের নতুন ভাবনা আর নিজেকে একটু আলাদা করে উপস্থাপনের প্রস্তুতি। এ বিশেষ দিনে পোশাক শুধু প্রয়োজনের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বরং ব্যক্তিত্ব ও রুচির প্রকাশ ঘটায়। সময়ের সঙ্গে ছেলেদের পোশাকের ধরন ও স্টাইলেও এসেছে পরিবর্তন। আগের মতো কেবল সাদামাটা ডিজাইনের বদলে এখন গুরুত্ব পাচ্ছে রং, প্যাটার্ন, কাটিং ও সূক্ষ্ম কারুকাজ। এবারের ঈদুল ফিতরকে সামনে রেখে ফ্যাশন ব্র্যান্ড ও মার্কেটগুলোয় দেখা যাচ্ছে ঐতিহ্য ও আধুনিক স্টাইলের দারুণ সমন্বয়। পাঞ্জাবি থেকে শুরু করে শার্ট, পোলো শার্ট, টি-শার্ট ও প্যান্ট–সব পোশাকেই এসেছে নতুন বৈচিত্র্য, যা তরুণদের ঈদের সাজকে করে তুলছে আরও স্টাইলিশ ও আকর্ষণীয়।
রঙ বাংলাদেশের স্বত্বাধিকারী সৌমিক দাস বলেন, ‘বাজারে এবার ছেলেদের ট্রেন্ডি পোশাক হলো হাওয়াই শার্ট, ড্রপ সোলডার শার্ট, কাবলি, পাঞ্জাবি, টি-শার্ট ও পোলো শার্ট। গরমের কথা মাথায় রেখে হাফ স্লিভ শার্ট, হাওয়াই শার্ট যেমন রয়েছে, তেমনি ফুল স্লিভ ফরমাল ও ইনফরমাল শার্টও রয়েছে। তরুণদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের প্যাটার্ন ভ্যারিয়েশনের শার্ট। শার্ট, টি-শার্ট ও পোলো শার্টের নকশায় ব্যবহার করা হয়েছে পলিনেসিয়ান ট্যাটু, উজবেক সিরামিক, ব্লু মস্ক, ইজিপশিয়ান ফ্লোরাল, ম্যাক্সিকান ফোক আর্ট মোটিফের সংমিশ্রণ। কারুকাজের মাধ্যম হিসেবে রয়েছে–স্ক্রিন প্রিন্ট, ব্লক প্রিন্ট, ডিজিটাল প্রিন্ট, প্যাচ ওয়ার্ক, হাতের কাজ। রঙের ক্ষেত্রে প্রাধান্য পেয়েছে সাদা, ক্রিম, হালকা সবুজ, আকাশি, ধূসর। কোনো কোনো পোশাকে নীল, গাঢ় সবুজ, বেগুনি, জলপাই এবং হালকা রঙের সংমিশ্রণও দেখা গেছে। 

পাঞ্জাবিতে ঐতিহ্য ও আধুনিকতা
এবারের ঈদে পাঞ্জাবিতে দেখা যাচ্ছে ট্র্যাডিশনাল নকশার সঙ্গে আধুনিক কাট ও ফেব্রিকের ব্যবহার। অনেক ডিজাইনে কলার, বুকের অংশ কিংবা কাফে সূক্ষ্ম এমব্রয়ডারি কাজ করা হচ্ছে। কটন, লিনেন ও সিল্ক-ব্লেন্ড ফেব্রিকের পাঞ্জাবি বেশি দেখা যাচ্ছে, যা আরামদায়ক হওয়ার পাশাপাশি ঈদের দিনের জন্য বেশ মানানসই।

শার্টে মিনিমাল স্টাইল
ঈদের পরেও নিয়মিত ব্যবহার করা যায় এমন শার্টের চাহিদা এবার বেশি। তাই শার্টের ডিজাইনে দেখা যাচ্ছে মিনিমাল স্টাইলের প্রাধান্য। ছোট মাইক্রো প্রিন্ট, সরু স্ট্রাইপ কিংবা হালকা জ্যামিতিক প্যাটার্নের শার্ট বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ফেব্রিকের ক্ষেত্রে কটন ও লিনেন বেশি ব্যবহৃত হচ্ছে। রঙের দিক থেকে বেইজ, হালকা নীল, সাদা ও প্যাস্টেল শেডের শার্ট তরুণদের পছন্দের তালিকায় রয়েছে। কিছু ডিজাইনে কলার বা কাফে কনট্রাস্ট রঙের ব্যবহার শার্টকে দিয়েছে আলাদা বৈচিত্র্য।

পোলো শার্টে স্মার্ট লুক
ক্যাজুয়াল লুকের জন্য পোলো শার্ট এখন বেশ জনপ্রিয়। এবারের ঈদে পোলো শার্টে দেখা যাচ্ছে মিনিমাল ডিজাইন ও সফট ফেব্রিকের ব্যবহার। বুকের অংশে ছোট এমব্রয়ডারি লোগো কিংবা সরল গ্রাফিক ডিজাইন পোলো শার্টকে করেছে আরও আকর্ষণীয়। কলার ও হাতার প্রান্তে কনট্রাস্ট স্ট্রাইপও বেশ দেখা যাচ্ছে। রঙের ক্ষেত্রে স্কাই ব্লু, টেরাকোটা, সেজ গ্রিন ও অফ হোয়াইট পোলো শার্ট বাজারে বেশ জনপ্রিয়তা পাচ্ছে।

টি-শার্টে গ্রাফিক ট্রেন্ড
তরুণদের মধ্যে টি-শার্ট সবসময়ই জনপ্রিয়। এবারের ঈদে টি-শার্টে দেখা যাচ্ছে টাইপোগ্রাফি ও অ্যাবস্ট্রাক্ট গ্রাফিক ডিজাইনের ব্যবহার। মিনিমাল টেক্সট প্রিন্ট কিংবা ছোট গ্রাফিক মোটিফ বেশ ট্রেন্ডে রয়েছে। ওভারসাইজড টি-শার্টও অনেকের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে। রঙের ক্ষেত্রে চারকোল, অলিভ, অফ হোয়াইট ও হালকা নীল টি-শার্ট বেশি দেখা যাচ্ছে। কিছু ডিজাইনে সামনে ছোট প্রিন্ট এবং পেছনে বড় গ্রাফিক যুক্ত করা হয়েছে, যা পোশাককে দিয়েছে আধুনিক লুক।

প্যান্টে আধুনিক কাট
প্যান্টের ডিজাইনেও এসেছে নতুনত্ব। এবারের ঈদে স্লিম ফিট ও টেইলরড কাট প্যান্ট বেশি জনপ্রিয়। চিনো প্যান্ট তরুণদের প্রথম পছন্দ হয়ে উঠেছে। কারণ এটি আরামদায়ক এবং শার্ট বা পোলো শার্টের সঙ্গে সহজেই মানিয়ে যায়। বেইজ, ধূসর, নেভি ব্লু ও অলিভ রঙের প্যান্ট বাজারে বেশি দেখা যাচ্ছে। কিছু ডিজাইনে টেক্সচারড ফেব্রিক ও মিনিমাল পকেট ডিজাইনও যুক্ত করা হয়েছে; যা নজরকাড়া লুক দেবে। 

দাম
ঈদকে সামনে রেখে বাজারে বিভিন্ন দামে পোশাক পাওয়া যাচ্ছে। পাঞ্জাবির দাম সাধারণত ১ হাজার ২০০ থেকে ৫ হাজার টাকার মধ্যে। শার্ট পাওয়া যাচ্ছে ৮০০ থেকে ১  হাজার ৪০০ টাকায়। তবে ব্র্যান্ডভেদে দাম ৪ হাজার টাকা পর্যন্ত হচ্ছে। পোলো শার্ট ১ হাজার ২০০ থেকে ৩ হাজার টাকা এবং টি-শার্ট পাওয়া যাচ্ছে ৫০০ থেকে ২ হাজার টাকার মধ্যে। চিনো বা ফরমাল প্যান্টের দাম ১ হাজার ৮০০ থেকে ৪ হাজার ৫০০ টাকায়। রাজধানীর নিউমার্কেট, গুলিস্তান, বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সসহ বিভিন্ন শপিংমল এবং অনলাইন প্ল্যাটফর্মে দেশীয় ফ্যাশন ব্র্যান্ডগুলোর এসব পোশাক সহজেই পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন

×