গুছিয়ে কথা বলার কৌশল
সুন্দর ভাষায় গুছিয়ে কথা বলার মাধ্যমে স্মার্টনেস প্রকাশ পায়
শিউলী আহমেদ
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬ | ০৭:৪৫
| প্রিন্ট সংস্করণ
কথা বলতে সবাই পছন্দ করে। তবে কথা বলার ধরন সুন্দর না হলে তা অন্যের কাছে বিরক্তিকর হতে পারে। তা যদি হয় আকর্ষণীয়, তবে অন্যরা মুগ্ধ হয়ে শুনবে।
কথা তো আমরা সবাই বলি। গুছিয়ে কথা বলতে পারে কজনে! আপনার ঘরটা যেমন গুছিয়ে রাখলে নিজের কাছেও দেখতে ভালো লাগে, তেমনি গুছিয়ে কথা বলতে পারলে নিজের কাছেও তৃপ্ত লাগে।
আপনার স্মার্টনেস প্রকাশ হবে সুন্দর ভাষায় গুছিয়ে কথা বলার মাধ্যমে। চলনে-বলনে, সাজসজ্জায় খুব পরিপাটি, কিন্তু কথা বলার সময় আপনার মুখের ভাষা ও বাচনভঙ্গির কারণে সবকিছু ভেস্তে যেতে পারে। তাই গুছিয়ে কথা বলার গুরুত্ব অপরিসীম।
কীভাবে গুছিয়ে কথা বলতে পারেন
কী বলতে চান গুছিয়ে নিন: কাউকে কিছু বলার আগে কী বলতে চান, কতটা বলতে চান তা গুছিয়ে নিন। তেমন গুরুত্বপূর্ণ বিষয় হলে কাগজে পয়েন্ট করে লিখে রাখুন। তাতে সুন্দর করে সাজিয়ে কথা বলতে পারবেন। না হয় কথা এলোমেলো ও অসম্পূর্ণ রয়ে যাবে।
ধীরস্থিরভাবে কথা বলুন: কথা বলার সময় তাড়াহুড়া না করে ধীরস্থিরভাবে বলুন। দ্রুত কথা বললে মুখে কথা আটকে যেতে পারে, ভুল হতে পারে। আবার দ্রুত কথা বলার কারণে যাকে বলছেন তিনি সব কথা নাও বুঝতে পারেন অথবা ভুল কিছু শুনতে পারেন।
স্পষ্ট উচ্চারণ করুন: প্রতিটি শব্দ স্পষ্টভাবে উচ্চারণ করুন। অনেকের কথায় আঞ্চলিকতার টান থাকে। এমন হলে তা পরিহার করুন।
থেমে থেমে কথা বলুন: একবারে অনেক কথা না বলে থেমে থেমে কথা বলুন। তবে অহেতুক থামবেন না এবং অতি ধীরে কথা বলবেন না। তাতে অপর পক্ষ আপনার কথার শোনার ধৈর্য হারিয়ে ফেলবে।
অন্যকে কথা বলার সুযোগ দিন: আমরা অনেক সময় শুধু নিজেরাই বলতে থাকি, অন্যকে সুযোগ দিই না। আবার কখনও তার কথা শেষ না হতেই মাঝপথে কথা বলতে শুরু করি। এমনটি করা যাবে না। অন্যের কথাও শুনুন। তার বলা শেষ হলে নিজে বলুন।
তাকিয়ে কথা বলুন: যার সঙ্গে কথা বলছেন তার দিকে তাকিয়ে কথা বলুন, তার অভিব্যক্তি বোঝার চেষ্টা করুন।
অঙ্গভঙ্গি সীমিত রাখুন: কথা বলার সময় অতিরিক্ত অঙ্গভঙ্গি থেকে বিরত থাকুন। এটি অনেক সময় দৃষ্টিকটু লাগে।
জেনেবুঝে কথা বলুন: অনেকেই তাল মেলানোর জন্য না জেনেই কথা বলেন। যে বিষয়ে আপনি ভালো জানেন না, তা নিয়ে কথা বলবেন না।
গুছিয়ে কথা বলার উপায়: আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সঙ্গে কথা বলে অথবা নিজের কণ্ঠ রেকর্ড করে চর্চা করুন। এতে খুব দ্রুত জড়তা কাটবে এবং সুন্দরভাবে গুছিয়ে কথা বলার অভ্যাস হবে। জড়তা কাটানোর চেষ্টা করুন।
মুদ্রাদোষ পরিহার: কথা বলতে বলতে অনেকে নাক, মুখ বাঁকানো, চুল নাড়ানো, বারবার ইয়াম ইয়াম করে থাকেন। এতে শ্রোতা তীব্রভাবে বিরক্ত হন। এ ধরনের মুদ্রাদোষ থাকলে অবশ্যই তা পরিহার করতে হবে।
ভদ্রতা ও শালীনতা বজায় রাখুন: কথা বলার সময় ভদ্রতা ও শালীনতা বজায় রাখুন। খারাপ ভাষা ও কাউকে উদ্দেশ্য করে কটু কথা বা অসম্মানজনক কথা বলা থেকে এড়িয়ে চলুন। না হয় এতে আপনার ব্যক্তিত্বে নেতিবাচক প্রভাব পড়বে।
নিজেকে স্মার্ট হিসেবে উপস্থাপন করতে গুছিয়ে কথা বলার কোনো বিকল্প নেই। বিশেষ করে আপনি যখন কোনো মৌখিক পরীক্ষায় অংশ নেবেন, তখন এই গুছিয়ে কথা বলার ধরন আপনাকে অনেকখানি এগিয়ে নিয়ে যাবে।
- বিষয় :
- কথার লড়াই