ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

কষ্ট দিলে কষ্ট মেলে

কষ্ট দিলে কষ্ট মেলে
×

অলংকরণ:: সাফায়েত সাগর

এম আব্দুল হালীম বাচ্চু

প্রকাশ: ১২ মে ২০২৬ | ০৬:৫৪

| প্রিন্ট সংস্করণ

মাহফুজা–নামটা একসময় আমার সবচেয়ে প্রিয় শব্দ ছিল। এখন সেটিই নিঃশব্দ এক কষ্টের মতো বুকের ভেতর জমে থাকে।
আমাদের বন্ধুত্বটা শুরু হয়েছিল খুব সাধারণভাবে। কলেজের প্রথম দিকে, একদিন খাতা চাইতে এসে কথা বলা– সেখান থেকেই ধীরে ধীরে পরিচয়, তারপর বন্ধুত্ব। অল্প সময়েই আমরা খুব কাছের হয়ে উঠেছিলাম। ক্লাসে ঢুকলেই প্রথম খোঁজ– মাহফুজা এসেছে কিনা। 
মাহফুজা ছিল খুব হাসিখুশি, একটু আবেগপ্রবণ। ছোট ছোট ঘটনায় খুশি হয়ে যেত, আবার সামান্য কিছুতে মন খারাপ করত আর আমি ছিলাম তার সব কথা শোনার মানুষ। ওর গল্প, ওর স্বপ্ন, ওর কষ্ট–সবকিছুই আমার কাছে এসে থামত। একসময় মনে হয়েছিল, এই বন্ধুত্ব কোনোদিন ভাঙবে না। কিন্তু হঠাৎ করেই সব বদলে গেল।
একদিন কলেজে গিয়ে দেখি, মাহফুজা একদম চুপচাপ। আমি পাশে বসে বললাম, ‘কী রে, এমন চুপচাপ কেন?’ কিন্তু সে কোনো উত্তর দিল না। যেন আমাকে দেখেও দেখল না।
প্রথমে ভাবলাম, হয়তো কোনো বিষয় নিয়ে মন খারাপ। তাই কিছু বলিনি। কিন্তু দিন যেতে লাগল আর তার এই নীরবতা আরও গভীর হতে লাগল। ফোন করলে ধরত না, মেসেজের উত্তর দিত না। সামনে গেলে এড়িয়ে যেত।
আমি বুঝতে পারছিলাম না, কী হলো, আমার দোষটা কোথায়।
একদিন সাহস করে ওর সামনে দাঁড়ালাম। ‘মাহফুজা, আমার সঙ্গে এমন করছিস কেন? আমি কী ভুল করেছি?’
সে কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর চোখ নামিয়ে অন্যদিকে চলে গেল। একটাও শব্দ নয়– শুধু নীরবতা।
সেদিন আমার ভেতরটা ভেঙে গিয়েছিল। কোনো অভিযোগ নেই, কোনো ব্যাখ্যা নেই–শুধু নীরব দূরত্ব। অথচ আমি ভালোভাবেই জানতাম, আমি কোনো ভুল করিনি।
তারপরও আমি চেষ্টা করেছি বারবার। ওর জন্য অপেক্ষা করেছি, একটা কথার জন্য। কিন্তু মাহফুজা আর ফিরে আসেনি।
দিনের পর দিন একটা প্রশ্নই ঘুরেফিরে এসেছে– ‘কেন?’
কেন এতদিনের বন্ধুত্ব এভাবে শেষ হয়ে গেল?
কেন একটা মানুষ হঠাৎ করে এতটা বদলে যায়?
ধীরে ধীরে বুঝলাম, সব প্রশ্নের উত্তর পাওয়া যায় না। কিছু সম্পর্ক কারণ ছাড়াই শুরু হয়, আবার কোনো ব্যাখ্যা ছাড়াই শেষ হয়ে যায়।
অনেকদিন পর এক বিকেলে, কলেজ গেটের সামনে হঠাৎ মাহফুজার সঙ্গে দেখা। সে একা দাঁড়িয়ে ছিল। আমিও থামলাম।
কিছুক্ষণ নীরবতা।
তারপর আমি বললাম, ‘কেমন আছিস?’
সে একটু তাকিয়ে আস্তে বলল, ‘ভালো।’
আমি হালকা হেসে বললাম, ‘ভালো থাকিস। শুধু একটা কথা–আমি আজও জানি না, আমি কী ভুল করেছিলাম। তবে তুই যেভাবে চুপ করে দূরে সরে গেলি, সেটা খুব কষ্ট দিয়েছে।’
মাহফুজার চোখে একঝলক অনুতাপ ফুটে উঠল। কিন্তু সে কিছু বলল না।
আমি আর দাঁড়ালাম না। হেঁটে চলে এলাম।
হয়তো একদিন সে বুঝবে–
চুপচাপ চলে গেলে, কোনো কথা না বলে। এই কষ্ট নিয়ে আমি চলেছি একা পথে। আমি জানি এবং তুমিও জান কাউকে বিনা দোষে এমন নীরব কষ্ট দেওয়া ঠিক নয়। কী মেলে এতে, শুধু কষ্ট ছাড়া! কারণ জীবন বাস্তবতার সমীকরণটা খুব সহজ–কষ্ট দিলে কষ্ট মেলে। 
সুহৃদ, পাবনা

আরও পড়ুন

×