ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

পরিচ্ছন্ন থাকুক সাগরকন্যা

প্লাস্টিক ব্যবস্থাপনায় সুহৃদের সচেতনতা

পরিচ্ছন্ন থাকুক সাগরকন্যা
×

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতের জিরো পয়েন্ট থেকে প্রায় আধা কিলোমিটার পূর্ব পর্যন্ত সুহৃদ সমাবেশের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচিতে সুহৃদদের সঙ্গে অংশ নেন প্রশাসন ও স্থানীয়রা

আসাদুজ্জামান মিরাজ

প্রকাশ: ১২ মে ২০২৬ | ০৬:৫৬

| প্রিন্ট সংস্করণ

প্রকৃতির অপার সৌন্দর্য কুয়াকাটা সমুদ্রসৈকত আজ প্লাস্টিকদূষণে ধূসর। সৈকতের বালুচরে পর্যটকদের ফেলে যাওয়া প্লাস্টিক বর্জ্য আর অব্যবস্থাপনায় অপরূপ সৌন্দর্য ম্লান হতে বসেছে। এসব শুধু দূষণই ঘটাচ্ছে না, বরং সামুদ্রিক বাস্তুসংস্থানের নীরব ঘাতক হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতি বিবেচনায় ৭ মে কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্টে সমকাল সুহৃদ সমাবেশ আয়োজন করে পরিচ্ছন্নতা ও প্লাস্টিক ব্যবস্থাপনায় সচেতনতামূলক কর্মসূচি 

নীল সমুদ্রের বুক চিরে ধেয়ে আসা ঢেউ, দিগন্তজোড়া লাল আভায় মোড়ানো সূর্যোদয় ও সূর্যাস্ত আর প্রকৃতির অপার শান্তির স্পর্শ–এসব মিলিয়ে গড়ে উঠেছে দক্ষিণ বাংলার অপরূপ পর্যটনকেন্দ্র কুয়াকাটা। দেশের একমাত্র সমুদ্রসৈকত; যেখানে একই স্থান থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত উপভোগ করা যায়, সাগরকন্যা সেই কুয়াকাটা প্রতিদিন টানে হাজারো ভ্রমণপিপাসুকে। দেশ-বিদেশের পর্যটকদের পদচারণায় মুখর থাকে সৈকতের প্রতিটি প্রান্ত। তবে পর্যটকের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে পরিবেশ দূষণ ও অপরিচ্ছন্নতার ঝুঁকিও। এ বাস্তবতা থেকে শুরু হয়েছে সচেতনতা ও দায়িত্ববোধের এক অনন্য উদ্যোগ।
গত ৭ মে বিকেলে কুয়াকাটা সমুদ্রসৈকতের জিরো পয়েন্ট থেকে প্রায় আধা কিলোমিটার পূর্ব পর্যন্ত ব্যতিক্রমী পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি চালায় সমকাল সুহৃদ সমাবেশ কুয়াকাটা ইউনিট। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার পর্যটকদের ব্যাপক সমাগম হয় জেনেই আগাম প্রস্তুতি হিসেবে সৈকতকে পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন রাখতে হাতে ঝাঁটা, বস্তা ও পরিচ্ছন্নতার সরঞ্জাম তুলে নেন সংগঠনটির সদস্যরা। সৈকতের বালুচরে পড়ে থাকা প্লাস্টিক বোতল, পলিথিন, চিপসের প্যাকেট, খাবারের উচ্ছিষ্টসহ বিভিন্ন ধরনের বর্জ্য সংগ্রহ করে নির্দিষ্ট স্থানে ফেলা হয়। এই সঙ্গে স্থানীয় ও ব্যবসায়ীদের সচেতন করা হয়।
তবে এ উদ্যোগ একটি সংগঠনের কর্মসূচিতে সীমাবদ্ধ ছিল না, এটি রূপ নেয় এক সম্মিলিত প্রয়াসে। স্থানীয় রাজনৈতিক নেতা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন। পরিচ্ছন্নতা অভিযান সমন্বয় করেন সমকাল কুয়াকাটা প্রতিনিধি আসাদুজ্জামান মিরাজ। সৈকতের পরিবেশ রক্ষায় তরুণদের এ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উপস্থিত সবার মধ্যে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয়।

কর্মসূচিতে সাদুবাদ জানিয়ে যুক্ত হন ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা অঞ্চলের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান, কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান, কুয়াকাটা পৌর জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা মঈনুল ইসলাম মান্নান, কুয়াকাটা শ্রী রাধাকৃষ্ণ মন্দিরের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নিহার রঞ্জন মণ্ডল, উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন রাজু প্রমুখ। এ ছাড়া স্থানীয় স্বেচ্ছাসেবক ও পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরাও সুহৃদের এ কর্মসূচিতে অংশ নেন।

পরিচ্ছন্নতা অভিযানে সুহৃদদের মধ্যে ছিলেন উপদেষ্টা মাসুম-আল বেলাল ও রেদওয়ানুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক শামিম রেজা, সদস্য রিফাতুল ইসলাম হৃদয়, জিহাদ ইসলাম, আরাফাত শেখ, আব্দুল্লাহ আল-মারুফসহ সদস্যরা। তরুণদের এমন সামাজিক সম্পৃক্ততা স্থানীয়দের মধ্যেও নতুন আশার সঞ্চার করেছে। এমন কর্মসূচি নিয়মিত করার পরামর্শ দেন তারা।
স্থানীয় ব্যবসায়ী ও পর্যটকরাও এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। অনেকেই মনে করেন, শুধু প্রশাসনের একার পক্ষে একটি পর্যটনকেন্দ্র পরিষ্কার রাখা সম্ভব নয়। প্রয়োজন পর্যটক, স্থানীয় বাসিন্দা এবং সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত সচেতনতা। বিশেষ করে প্লাস্টিক বর্জ্য নিয়ন্ত্রণ ও নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার অভ্যাস গড়ে তুলতে পারলে কুয়াকাটার পরিবেশ অনেক বেশি সুরক্ষিত থাকবে।
পরিবেশকর্মীদের মতে, উপকূলীয় অঞ্চলের পরিবেশ রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমুদ্রসৈকতে ফেলে রাখা প্লাস্টিক ও অপচনশীল বর্জ্য সামুদ্রিক প্রাণবৈচিত্র্যের জন্য ভয়াবহ হুমকি হয়ে দাঁড়ায়। তাই নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান শুধু সৌন্দর্য রক্ষাই নয়, বরং পরিবেশ সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সমুদ্রের ঢেউয়ের মতোই ছড়িয়ে পড়ুক সচেতনতার এই বার্তা–এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। কারণ, পরিচ্ছন্ন সৈকত শুধু একটি পর্যটনকেন্দ্রের সৌন্দর্য বাড়ায় না, এটি একটি অঞ্চলের সংস্কৃতি, সচেতনতা, দায়িত্ববোধ ও আতিথেয়তার পরিচয় বহন করে। সম্মিলিত উদ্যোগ ও সামাজিক দায়বদ্ধতার মাধ্যমেই গড়ে উঠতে পারে আরও সুন্দর, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব কুয়াকাটা।
সমন্বয়ক, সুহৃদ সমাবেশ, কুয়াকাটা
 

আরও পড়ুন

×