ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ফুল চাষে দক্ষতা বাড়াতে সহায়তা পাচ্ছেন যশোরের ১২০০ নারী

ফুল চাষে দক্ষতা বাড়াতে  সহায়তা পাচ্ছেন  যশোরের ১২০০ নারী
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৫ | ০০:১০

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ এবং খুলনা মুক্তি সেবা সংস্থা (কেএমএসএস) যৌথভাবে যশোর জেলার ১২০০ প্রান্তিক নারী কৃষককে তাদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে উচ্চমূল্যের ফুল চাষে সহায়তা করছে। টেকসই এবং সমাজসম্পৃক্ত এ উদ্যোগে প্রতিষ্ঠান দুটি নারীদের ফুল চাষে দক্ষতা উন্নয়নের পাশাপাশি কৃষির আধুনিকায়ন ও বহুমুখীকরণে একসঙ্গে কাজ করছে।
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ জানিয়েছে, সম্প্রতি চালু হওয়া প্রকল্পটি পরিবেশবান্ধব ফুল উৎপাদনের কৌশলগুলোর ওপর গুরুত্ব দিচ্ছে এবং চাষের সঠিক পরিবেশ বজায় রাখতে ১১টি সুরক্ষিত ‘ফ্লোরিকালচার শেড’ স্থাপন করার পরিকল্পনা নিয়েছে। এ কর্মসূচিতে  নারী কৃষকরা ফুল চাষের উন্নত যন্ত্রপাতি সংগ্রহের পাশাপাশি ফুলভিত্তিক পণ্য উন্নয়ন, ফসল সংগ্রহোত্তর ব্যবস্থাপনা, আর্থিক সাক্ষরতা এবং উদ্যোক্তা উন্নয়নবিষয়ক প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন। যৌথ উদ্যোগটি উদ্যোক্তা উন্নয়নের মাধ্যমে ফুলচাষিদের সঙ্গে স্থানীয় ও জাতীয় পর্যায়ের ক্রেতা, রপ্তানিকারক এবং ফুলভিত্তিক পণ্য প্রস্তুতকারকদের মধ্যে একটি কার্যকর বাণিজ্যিক সংযোগও স্থাপন করবে, যা দীর্ঘ মেয়াদে বাজার সম্প্রসারণ ও নারী কৃষকের আয় বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের কান্ট্রি হেড, করপোরেট অ্যাফেয়ার্স, ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং বিটপী দাশ চৌধুরী বলেন, ‘এ প্রকল্পের মাধ্যমে আমাদের লক্ষ্য হলো ফুলচাষিদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে একটি আধুনিক ও অন্তর্ভুক্তিমূলক কৃষি অর্থনীতি গড়ে তোলা এবং পিছিয়ে থাকা জনগোষ্ঠীর জন্য অর্থনৈতিক উন্নতির নতুন সুযোগ সৃষ্টি করা।’
বিটপী দাশ চৌধুরী বলেন, ‘যশোর দীর্ঘদিন ধরে বাংলাদেশের কৃষি ঐতিহ্যের কেন্দ্রবিন্দু। কেএমএসএসের সঙ্গে আমাদের যৌথ প্রচেষ্টার মাধ্যমে আমরা এই এলাকার ১২শ  প্রান্তিক নারী কৃষি উদ্যোক্তাকে অর্থকরী ফুল চাষের মাধ্যমে বহুমুখী আয় বাড়াতে সহায়তা করছি, যেন তারা পরবর্তী প্রজন্মের কৃষকদের জন্য রোল মডেল হিসেবে দৃষ্টান্ত সৃষ্টি করতে পারেন।’ তিনি জানান, এ উদ্যোগ স্ট্যান্ডার্ড চার্টার্ডের বৃহত্তর কৌশলের অংশ, যার উদ্দেশ্য বাংলাদেশের টেকসই উন্নয়নকে সমর্থন ও ব্যাংকের ‘হেয়ার ফর গুড ব্র্যান্ড’ প্রতিশ্রুতির বাস্তবায়ন।
উল্লেখ্য, খুলনা মুক্তি সেবা সংস্থা (কেএমএসএস) দেশের প্রত্যন্ত ও অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে প্রায় দুই দশক ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রান্তিক মানুষের সম্ভাবনা উন্মোচন, মর্যাদাপূর্ণ জীবনযাপন এবং আত্মনির্ভরশীলতার পথে এগিয়ে যেতে সহায়তা করে বেসরকারি উন্নয়ন সংস্থাটি। 
স্ট্যান্ডার্ড চার্টার্ড একটি শীর্ষস্থানীয় আন্তর্জাতিক ব্যাংকিং গ্রুপ, যার কার্যক্রম বিশ্বের ৫৩টি গতিশীল বাজারে বিস্তৃত। ব্যাংকটির লক্ষ্য হলো, বৈচিত্র্যের শক্তিকে কাজে লাগিয়ে বাণিজ্য ও সমৃদ্ধিকে এগিয়ে নিয়ে যাওয়া। স্ট্যান্ডার্ড চার্টার্ডের ঐতিহ্য ও মূল্যবোধ প্রতিফলিত হয় ‘হেয়ার ফর গুড ব্র্যান্ড’ প্রতিশ্রুতিতে।

আরও পড়ুন

×