ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

‘ডিপিএল নিয়ে অনেক শুনেছি, চ্যালেঞ্জ নিতে প্রস্তুত’

‘ডিপিএল নিয়ে অনেক শুনেছি, চ্যালেঞ্জ নিতে প্রস্তুত’
×

ছবি: সংগৃহিত

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৫ মার্চ ২০২২ | ১০:৪৫ | আপডেট: ১৫ মার্চ ২০২২ | ১০:৪৯

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে কিংবদন্তি ওয়াসিম আকরাম, সাইদ আনোয়াররা খেলে গেছেন। লংকান কিংবদন্তি জয়বর্ধানে, সাঙ্গাকারারা খেলেছেন ঢাকার লিগে। টি-২০ লিগের যুগে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) কিছুটা আলো হারিয়েছে। তবে হানুমা বিহারী, মোহাম্মদ হাফিজ কিংবা নাজিবুল্লাহ জাদরানদের পদচারণায় আবার প্রাণ পেতে যাচ্ছে এই আসর।

মঙ্গলবার ডিপিএলের দল মোহামেডানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় দেওয়া পাকিস্তানের স্পিন অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। প্রথমবার ঢাকার পঞ্চাশ ওভারের এই লিগে খেলতে এসে উচ্ছ্বসিত তিনি। জানালেন, ঢাকা প্রিমিয়ার লিগ সম্পর্কে অনেক শুনেছেন তিনি। আবাহনী-মোহামেডান দৌরাত্ম সম্পর্কেও জানা তার।

সদ্য সমাপ্ত পিএসএলে দুর্দান্ত ক্রিকেট খেলা হাফিজ সংবাদ মাধ্যমকে বলেন, ‘ঐতিহ্যবাহী এই ক্লাবে যুক্ত হতে পেরে ভালো লাগছে। অনেক শুনেছি এই ক্লাব নিয়ে। এখানকার প্রতিদ্বন্দ্বীতা নিয়ে। ভালো কিছু ক্রিকেটার আছে আমাদের দলে। সিনিয়ররা না থাকলেও সৌম্যর মতো ক্রিকেটার আছে। আমিও চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।’

সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, মুশফিকুর রহিম কিংবা তাসকিন-মিরাজদের নিয়ে দল গড়েছে মোহামেডান। কাগজে-কলমে আসরের সেরা দল তাদের। কিন্তু সাকিব-মুশিরা দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ায় শক্তি খয়ে গেছে দলটির। তারপরও হাফিজ মনে করছেন চ্যাম্পিয়ন হওয়া সম্ভব, ‘আমি ঘোষণা দিতে পছন্দ করি না। কথা নয় আমি কাজে বিশ্বাসী। চ্যাম্পিয়ন হবো একথা বলা যায় না। তবে ভালো সুযোগ আছে। স্প্রিট নিয়ে খেলতে হবে।’

প্রফেসর খ্যাত হাফিজের বয়স হয়ে গেছে ৪১ বছর। এখনও ব্যাটে-বলে দুর্দান্ত ছন্দে তিনি। জানালেন উপভোগ করায় খেলা ছাড়ছেন না তিনি, ‘ক্রিকেট উপভোগ করছি বলেই খেলে যাচ্ছি। উপভোগের পাশাপাশি তরুণদের সহযোগিতা করাও লক্ষ্য। ঢাকায় অনেকবার এসেছি। তবে ঢাকা প্রিমিয়ার লিগে প্রথম। ভালো করতে চাই।’

সংবাদ মাধ্যমকে ডানহাতি অলরাউন্ডার হাফিজ জানালেন, বায়ো-বাবল নেই বলেই তিনি ডিপিএলে খেলতে এসেছেন। বায়ো-বাবলে ক্রিকেট খেলা কঠিন। বাংলাদেশে ক্রিকেটের পাশাপাশি সময়টা তিনি উপভোগ করতে চান বলেও উল্লেখ করেন। এছাড়া ভবিষ্যতে সুযোগ হলে পাকিস্তান ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত হওয়ার কথাও জানান তিনি। আপাতত শুধু খেলে যাওয়ায় মন এই তারকার।

আরও পড়ুন

×