ভ্যালেন্সিয়ায় ডুবল সেতিয়েনের বার্সা
ছবি: গোল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২০ | ১১:২৮
বার্সেলোনার ডাগ আউটে দাঁড়িয়ে শুরুর দুই ম্যাচেই জয় তুলে নিয়েছিলেন কিকে সেতিয়েন। কিন্তু প্রথম অ্যাওয়ে ম্যাচেই হেরেছে তার দল। ভালভার্দের অধীনে যে বার্সা অন্তত লিগে দারুণ ফর্মে ছিল তারাই হারিয়েছে পুরো তিনটি পয়েন্ট। ভ্যালেন্সিয়ার বিপক্ষে ২-০ গোলের এই হারে রিয়ালের চেয়ে পিছিয়ে পড়ার পথ তৈরি হয়ে গেছে কাতালানদের।
ম্যাচের শুরুতেই ধাক্কা খেতে যাচ্ছিল বার্সেলোনা। কিন্তু ১২ মিনিটের মাথায় পেনাল্টি মিস করে মেসিদের পিছিয়ে পড়ার হাত থেকে বাঁচান মেক্সি গোমেজ। প্রথমার্ধে পিছিয়ে পড়ার হাত থেকে বেঁচে যাওয়া বার্সা অবশ্য নিজেদের ভুলেই দ্বিতীয়ার্ধের শুরুতে পিছিয়ে যায়। ম্যাচের ৪৮ মিনিটে জর্ডি আলবার আত্মঘাতী গোলে লিড নেয় ভ্যালেন্সিয়া।
এরপর ৭৭ মিনিটে ঘরের মাঠে আরও এক গোল করে ভ্যালেন্সিয়া। এবার শুরুতে পেনাল্টি মিস করে দলকে হতাশ করা গোমেজ গোল করেন। দলকে ২-০ গোলে এগিয়ে নেন। ওই গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে ভ্যালেন্সিয়া। লিগে রিয়ালের সমান পয়েন্ট এবং সমান গোল ব্যবধান থাকলেও শীর্ষে থাকা বার্সা সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। ম্যাচের অধীকাংশ সময় নিজেদের পায়ে বল নিয়েও করতে পারেনি গোল।
পুরো ম্যাচে ৭৩ শতাংশ বল নিজেদের পায়ে রাখে বার্সা। গোলে মোট ১০টি শট নেয়। এর মধ্যে পাঁচটি ছিল লক্ষ্যে। আর ভ্যালেন্সিয়া গোলে পাঁচটি শট নিয়ে গোল করে দুটিতে। সেতিয়েনের অধীনে তাই বার্সা গার্দিওয়ালার সময়ের মতো বলের দখলের রাজত্ব করলেও গোল পেতে ধুঁকতে হচ্ছে তাদের। এর আগে লিগে সেতিয়েনের অধীনে প্রথম ম্যাচেও ধুঁকতে ধুঁকতে মেসির গোলে জয় পায় বার্সা।
এ নিয়ে বার্সেলোনার বিপক্ষে ভ্যালেন্সিয়া শেষ দশ দেখায় প্রথম জয় পেল। আর দলের হারের ম্যাচে বাজে এক রেকর্ড গড়েছেন জর্ডি আলবা। ২১ শতকের একমাত্র বার্সা ফুটবলার হিসেবে লা লিগায় চারটি আত্মঘাতী গোল করেছেন তিনি।
- বিষয় :
- খেলা
- ফুটবল
- লা লিগা-২০২০
- বার্সেলোনা-ভ্যালেন্সিয়া
