বাংলাদেশের আধিপত্যেও বড় ইনিংসের আক্ষেপ
ছবি: এএফপি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২০ | ২৩:২৯ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২০ | ০৪:৫৫
কথা দিয়েছিলেন মুমিনুল, তার দল বড় ইনিংস দেখাবে। সেই সম্ভাবনা এখনও আছে। তবে সুযোগও হারিয়েছে বাংলাদেশের ব্যাটসম্যানরা। ফিফটির আগে তামিম ইকবাল এবং ফিফটির পরে নাজমুল শান্ত আউট হয়েছেন। তবে কথা রাখতে ফিফটি করে মুমিনুল আছেন অপরাজিত। তাদের ব্যাটে ভর করে মিরপুর টেস্টে দ্বিতীয় দিন শেষে ৩ উইকেটে ২৪০ রান তুলেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের চেয়ে প্রথম ইনিংসে পিছিয়ে আছে ২৫ রানে।
জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের একমাত্র টেস্টের প্রথম দিনটা ভাগাভাগি করে নেয় দু’দল। জিম্বাবুয়ে ৬ উইকেট হারিয়ে তোলে ২২৮ রান। সফরকারীদের অধিনায়ক ক্রেগ আরভিন খেলেন ১০৭ রানের ইনিংস। এছাড়া ওপেনার প্রিন্স মাসভুরে ফিফটি করেন। স্পিন ঘূর্ণিতে নাঈম হাসান নেন ৪ উইকেট।
তবে দ্বিতীয় দিনের শুরু থেকেই আধিপত্য করে বাংলাদেশ। পেসার আবু জায়েদ এবং বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম মিলে ৩৭ রানেই তুলে নেন প্রতিপক্ষের হাতে থাকা ৪ উইকেট। জিম্বাবুয়েকে থামান ২৬৫ রানে। এরপর ব্যাটিংয়ে নেমে শুরুতে সাইফ হাসানকে হারায় বাংলাদেশ। তিনি দলের ১৮ রানে ব্যক্তিগত ৮ রানে ফেরেন।
এরপর তামিম-নাজমুল শান্ত, নাজমুল শান্ত-মুমিনুল হক এবং মুমিনুল-মুশফিক জুটি দলের রান বাড়িয়ে নেন। তামিম ইকবাল দারুণ গোছালো শট খেলছিলেন। কিন্তু তার গুছিয়ে আনা ইনিংসটা ৪১ রানে শেষ হয়। এরপর পাকিস্তান সফর দিয়ে টেস্ট দলে ফেরা নাজমুল শান্ত ফিফটি করে আউট হন।
পাকিস্তান সফরে সেট হয়ে ভালোর সম্ভাবনা দেখিয়ে ফিফটির আগে ফেরেন তিনি। এবার সেই খেদ মেটানোর আভাস দিয়েছিলেন। নিয়ন্ত্রিত এবং নিঁখুত শট খেলছিলেন। কিন্তু ৭১ রানের মাথায় অফ স্ট্যাম্পের বাইরের বলে শট খেলতে গিয়ে নিজের সম্ভাবনার ইনিংসটা বিসর্জন দিয়ে ফেরেন তিনি।
পরে মুশফিককে নিয়ে দ্বিতীয় দিন শেষ করেন অধিনায়ক মুমিনুল হক। নেতৃত্ব নিয়ে তিন টেস্টেই ইনিংস হার দেখেছেন তিনি। সঙ্গে ব্যাটিংয়ে ছন্নছাড়া দশা তার। জিম্বাবুয়ের বিপক্ষে দলকে যেমন ঘুরে দাঁড়াতে হতো অধিনায়ক এবং ব্যাটসম্যান মুমিনুলেরও। তিনি খেলছেন ৭৯ রানের হার না মানা ইনিংস। তাকে সঙ্গ দিয়ে মুশফিকুর রহিম ৩২ রান করেন।
জিম্বাবুয়ের হয়ে ডোনাল্ড ট্রিপানো, ভিক্টর নায়োচি এবং কার্লটন টিশুমা একটি করে উইকেট নেন। এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে স্পিনার নাঈম হাসান ও পেসার আবু জায়েদ চারটি করে উইকেট নেন। তাইজুল ইসলাম দখল করেন দুই উইকেট।
- বিষয় :
- বাংলাদেশ-জিম্বাবুয়ে-২০২০
- টেস্ট
- খেলা
- ক্রিকেট
