কেপ ভার্দেকে নিয়ে কী ভাবছেন মেসিদের কোচ?
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৮ জুন ২০২৬ | ১৪:৩১ | আপডেট: ২৮ জুন ২০২৬ | ১৪:৪৪
বিশ্বকাপের শুরু থেকেই দুর্দান্ত ছন্দে রয়েছে আর্জেন্টিনা। গ্রুপপর্বের প্রথম দুই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটের টিকিট নিশ্চিত করেছিল বর্তমান চ্যাম্পিয়নরা। সেখানে তাদের প্রতিপক্ষ কে সেটাও জানা গিয়েছিল আগেই। জর্ডানের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচটি তাদের জন্য ছিল স্রেফ নিয়ম রক্ষার। সেখানেও হেসেখেলে ৩-১ গোলে জিতেছে আর্জেন্টিনা।
গ্রুপপর্বের ৩ ম্যাচে পূর্ণাঙ্গ ৯ পয়েন্ট তুলে নেওয়ায় শেষ বত্রিশের লড়াইয়ে মাঠে নামার আগে আর্জেন্টিনা শিবিরে বইছে স্বস্তির হাওয়া। দ্বিতীয় রাউন্ডে তাদের প্রতিপক্ষ প্রথমবার বিশ্বকাপে অংশ নিয়েই চমকে দেওয়া কেপ ভার্দে। কিন্তু নবাগত দলটিকেও সহজভাবে নিচ্ছেন না আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। জর্ডানের বিপক্ষে জয়ের পরে স্কালোনি সংবাদ সম্মেলনে বলেন, গ্রুপ পর্বে কেপ ভার্দে যেভাবে খেলেছে, তাতে তাদের হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই।
স্কালোনি বলেন, ‘ওরা দারুণ একটা দল। গ্রুপ পর্বের তিনটি প্রতিপক্ষকেই ওরা কঠিন পরীক্ষায় ফেলেছে। তারা বেশ শক্ত প্রতিপক্ষ। স্পেনের মতো ফেভারিট দল এবং উরুগুয়ে ও সৌদি আরবের বিপক্ষে যেমনটা করেছে, আমাদের বিপক্ষেও তারা সেভাবেই কঠিন পরিস্থিতি তৈরি করবে।’
আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ বলেন, ‘এই বিশ্বকাপে যা দেখছি, তাতে আমাদের ভীষণ সতর্ক থাকতে হবে। ওরা গতিময়, মানসম্পন্ন এবং বেশ গোছানো দল।’
কেপ ভার্দে নিজেদের অভিষেক বিশ্বকাপেই ইতিহাস গড়েছে। গ্রুপ পর্বে টানা তিন ম্যাচে অপরাজিত থেকে শেষ বত্রিশে জায়গা করে নেয় আফ্রিকার ছোট্ট দ্বীপরাষ্ট্রটি। শিরোপার অন্যতম দাবিদার স্পেন, সাবেক বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে এবং সৌদি আরবের মতো দলগুলোর বিপক্ষে বুকচিতিয়ে ড্র করে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে তারা।
শেষ ১৬ নিশ্চিত করার লড়াইয়ে আগামী ৪ জুলাই মায়ামিতে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে কেপ ভার্দে। বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে ম্যাচটি।
