ঘানাকে হারিয়ে সমালোচকদের ধুয়ে দিলেন ক্রোয়েশিয়া কোচ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৮ জুন ২০২৬ | ১৪:০২
ঘানাকে ২-১ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের শেষ বত্রিশ নিশ্চিত করে সমালোচকদের ধুয়ে দিয়েছেন ক্রোয়েশিয়ার কোচ জ্লাতকো দালিচ। প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে ৪-২ গোলে হার এবং পানামার বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয়ের পর ক্রোয়াটদের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকে। গ্রুপ ‘এল’-এর রানার্সআপ হয়ে পরের রাউন্ডে যাওয়ার পর সেই সমালোচনাকারীদের জবাব দিয়েছেন দালিচ।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ক্ষোভ উগরে দিয়ে দালিচ বলেন, ‘প্রথম ম্যাচের পর আমাদের দলের মান নিয়ে অনেক ‘সন্দেহ’ তৈরি করা হয়েছিল। কিছু কিছু মন্তব্য ছিল এককথায় করুণ ও জঘন্য। এই জাতীয় দল আরও ভালো আচরণ পাওয়ার যোগ্য। জয় বা হার, যেকোনো পরিস্থিতিতেই এই ছেলেদের ভালোবাসা উচিত, কারণ তারা দেশের মানুষের জন্য অনেক কিছু করেছে।’
ক্রোয়েশিয়া কোচ আরও যোগ করেন, ঘানার বিপক্ষে ট্যাকটিক্যালি দুর্দান্ত খেলে তার দল শেষ পর্যন্ত সেই পুরোনো চেনা ক্রোয়েশিয়ার রূপেই ফিরে এসেছে।
ক্রোয়েশিয়ার এই জয়ের রাতে বিশ্ব রেকর্ড গড়েছেন তাদের মহানায়ক লুকা মডরিচ। ম্যাচের দ্বিতীয়ার্ধে তার কর্নার কিক থেকেই জয়সূচক হেড গোলটি করেন নিকোলা ভ্লাসিচ। আর এই অ্যাসিস্টের মাধ্যমে ১৯৬৬ সালের পর বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ (৪০ বছর) খেলোয়াড় হিসেবে অ্যাসিস্ট করার রেকর্ড গড়লেন মডরিচ।
নিজের শেষ বিশ্বকাপে মডরিচ শুধু আক্রমণেই অবদান রাখেননি, বরং রক্ষণে নেমে ঘানার একাধিক নিশ্চিত শট ব্লক করে অদম্য এনার্জির পরিচয় দিয়েছেন। অধিনায়কের প্রশংসা করে দালিচ বলেন, ‘লুকা আজ অবিশ্বাস্য ছিল। সে জানে এটি তার শেষ বিশ্বকাপ, তাই নিজের সেরাটা ঢেলে দিচ্ছে।’
- বিষয় :
- ক্রোয়েশিয়া
- বিশ্বকাপ ফুটবল
