চারদিনের ম্যাচ টেস্টই নয়: কুম্বলে
ছবি: ফাইল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২০ | ০৪:৩৪
চারদিনের টেস্ট খেলানোর কথা ভাবছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। দিনে কয়ের ওভার বেশি খেলানোর পক্ষে তারা। দিবারাত্রির টেস্টে সেটা খুবই সম্ভব। ২০২৩ সাল থেকে চারদিনের টেস্টকে বাধ্যতামূলক করার কথা ভাবছে আইসিসি। তবে পক্ষের চেয়ে চারদিনের টেস্টের বিপক্ষেই পাল্লা ভারি বেশি। সাবেক ভারতের অধিনায়ক অনিল কুম্বলে যেমন বললেন, চার দিনের ম্যাচ হলে সেটা টেস্টই না।
এর আগে বিরাট কোহালি, মুশফিকুর রহিমরা চার দিনের টেস্টের বিপক্ষে দাঁড়িয়েছেন। এবার কুম্বলে বললেন, 'ক্রিকেটাররাও চারদিনের টেস্ট চান না। পাঁচদিনের টেস্টই হল টেস্ট। চারদিনে শেষ হলে তা আর টেস্ট থাকে না। আমার কাছে এটা একেবারেই স্পষ্ট।'
কুম্বলে আইসিসির ক্রিকেট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। ভারতের কোচের দায়িত্ব পালন করেছেন। এখন ক্রিকেট বিশেষজ্ঞ কুম্বলে বলেন, 'আইসিসিতে ক'বছর আগেই এটা নিয়ে আলাপ হয়েছিল। কিন্তু বাধ্যতামূলক করার সিদ্ধান্ত হয়নি। দক্ষিণ আফ্রিকা-জিম্বাবুয়ে, ইংল্যান্ড-আয়ারল্যান্ড পরীক্ষামূলক চারদিনের টেস্টও খেলেছে। এখন সেটা বাধ্যতামূলক করার কথা ভাবা হচ্ছে। ভাল লাগছে ক্রিকেটাররা এর বিপক্ষে।'
টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত নন কুম্বলে, 'টেস্ট ক্রিকেট মাঠে দর্শক টানতে পারছে না। কিন্তু বিভিন্নভাবে তারা টেস্ট ক্রিকেট চোখ রাখছেন। আমি তাই এটাকে মৃতপ্রায় মনে করি না। যদিও স্টেডিয়ামে পাঁচদিন টেস্ট দেখার লোক কমেছে।'
- বিষয় :
- খেলা
- ক্রিকেট
- চার দিনের টেস্ট
- কুম্বলে
