ডাচদের সামনে দুরন্ত মরক্কো
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৯ জুন ২০২৬ | ০৯:৩৯
কিংবদন্তি ব্রাজিল অধিনায়ক কার্লোস দুঙ্গা স্বদেশি একটি টিভি চ্যানেলের সাংবাদিক হিসেবে বিশ্বকাপ কাভার করছেন। নতুন ভূমিকার পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমে বিশেষজ্ঞ মতামতও দিয়ে চলেছেন তিনি। বিশ্বকাপজয়ী এ অধিনায়কের ফেভারিট নেদারল্যান্ডস। গ্রুপ পর্বে ডাচরা দাপুটে ফুটবল খেলে অনেকেরই সমীহ অর্জন করে নিয়েছে। আজ তাদের সামনে আফ্রিকান শক্তি মরক্কো, যারা কিনা ব্রাজিলের মতো দলকে কাঁপিয়ে দিয়েছিল। রাউন্ড অব থার্টি টুতে কয়টি ম্যাচ রোমাঞ্চ ছড়াবে, তার মধ্যে এটি অন্যতম। বাংলাদেশ সময় আগামীকাল মঙ্গলবার সকাল ৭টায় মেক্সিকোর মন্তেরিতে শুরু হবে ম্যাচটি।
৭ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের সেরা হয়ে নকআউটে এসেছে নেদারল্যান্ড। জাপানের বিপক্ষে প্রথম ম্যাচে একেবারে অন্তিম মুহূর্তে গোল হজম করে ২-২ ড্র করলেও পরের দুই ম্যাচে সুইডেন ও তিউনিসিয়াকে উড়িয়ে দেয় ডাচরা। রোনাল্ড কোম্যানের দল গ্রুপ পর্বের তিন ম্যাচে ১০ গোল করে শিরোপার অন্যতম দাবিদার হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। নেদারল্যান্ডস অবশ্য এখনও বিশ্বকাপ জেতার স্বাদ পায়নি। ১৯৭৪, ১৯৭৮ ও ২০১০ সালে রানার্সআপ হয়েছিল। এ ছাড়া ১৯৯৮ ও ২০১৪ সালে সেমিতে খেলেছিল। ২০২২ সালে তারা কোয়ার্টার ফাইনাল খেলেছিল। মরক্কোর বিপক্ষে জিততে পারলে এবারও শেষ আটে যাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে তাদের। কারণ শেষ ষোলোতে তাদের প্রতিপক্ষ কানাডা-দক্ষিণ আফ্রিকা ম্যাচের বিজয়ী। আর শেষ আটে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ ফ্রান্স কিংবা জার্মানি।
মরক্কো এসেছে ‘সি’ গ্রুপ থেকে রানার্সআপ হয়ে। গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিলের সমান ৭ পয়েন্ট তারাও সংগ্রহ করেছিল, কিন্তু গোল পার্থক্যে দ্বিতীয় হন আশরাফ হাকিমারা। অ্যাটলাস লায়নরা প্রথম ম্যাচে ব্রাজিলকে ১-১ গোলে রুখে দিয়েছিল। এরপর স্কটল্যান্ডকে ১-০ ও হাইতিকে ৪-২ গোলে উড়িয়ে দিয়ে নকআউটে এসেছে। গত বিশ্বকাপে সেমিতে খেলা আফ্রিকার দলটি এবারও অনেক দূর যাবে বলেই বোদ্ধাদের বিশ্বাস। বিশেষ করে ব্রাজিলের বিপক্ষে তাদের দুর্দান্ত পারফরম্যান্স অনেককেই চমকে দিয়েছে। অবশ্য নিয়মিত যারা ফুটবলের খোঁজখবর রাখেন, তারা অবাক হননি। ফিফা র্যাঙ্কিংয়ে ৭ নম্বরে থাকা মরক্কোর তো এমন খেলাই স্বাভাবিক। দুই দল এখন পর্যন্ত তিনবার পরস্পরের মুখোমুখি হয়েছে। যেখানে নেদারল্যান্ডস দুটি ও মরক্কো একটি ম্যাচ জিতেছে।
এ ম্যাচে নেদারল্যান্ডস দলে একটি পরিবর্তন আসতে পারে। নাথান এইকের জায়গায় লেফটব্যাক হিসেবে ফিরছেন মিকি ফন ডার ভ্যান। স্ট্রাইকার ব্রায়ান ব্রবি ও রাইটব্যাক ডেনঞ্জেল ডামফ্রিসের হালকা চোট থাকলেও তারা ফিট হয়ে গেছেন বলে জানা গেছে। তাই মেম্ফিস ডিপাই, জাস্টিন ক্লুইভার্ট ও সামারভিলকে বেঞ্চে বসতে হচ্ছে। মরক্কো দলেও বেশ কয়েকটি পরিবর্তন আসছে বলে জানা গেছে। হাইতির বিপক্ষে বিশ্রামে থাকা নুসাইর মাজরাউই, ইসা দিওপ, আইয়ুব বুয়াদ্দি ও আজেদ্দিন উনাহি দলে ফিরছেন। তাদের সঙ্গে আশরাফি হাকিমি ও ব্রাহিম দিয়াজের মতো তারকা তো থাকছেনই। তাই দুর্দান্ত একটি ম্যাচের প্রত্যাশা ফুটবলপ্রেমীদের।
- বিষয় :
- নেদারল্যান্ডস
- মরক্কো
- বিশ্বকাপ ফুটবল
