ঢাকা সোমবার, ২৯ জুন ২০২৬

বিশ্বকাপে ৩০টি দলের চেয়ে মেসির গোল বেশি

বিশ্বকাপে ৩০টি দলের চেয়ে মেসির গোল বেশি
×

ছবি- এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ জুন ২০২৬ | ১১:১২ | আপডেট: ২৯ জুন ২০২৬ | ১১:১৪

বয়স ৩৯ ছুঁয়েছে, অনেক আগেই জিতেছেন ফুটবল ক্যারিয়ারের সব সম্ভাব্য ট্রফি। তবে নিজের শেষ বিশ্বকাপ খেলতে নেমে লিওনেল মেসি যেন আবারও প্রমাণ করলেন তিনি কেন অনন্য। ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষে অবিশ্বাস্য ফর্মে থাকা আর্জেন্টাইন অধিনায়ক যে পরিসংখ্যানের জন্ম দিয়েছেন, যা আধুনিক ফুটবলের ইতিহাসে বিরল। পরিসংখ্যান বলছে, চলতি বিশ্বকাপের গ্রুপ পর্বে অংশ নেওয়া অন্তত ৩০টি দল মেসির ৬ গোলের চেয়ে বেশি করতে পারেনি! অর্থাৎ, এই ৩০টি দেশের প্রত্যেকে দলগতভাবে মেসির চেয়ে কম গোল করেছে।

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে বসা ৪৮ দলের এই বিশ্বমঞ্চে গ্রুপ পর্বের ৩ ম্যাচ শেষে মেসির ব্যক্তিগত গোলসংখ্যা ৬টি। আলবিসেলেস্তেরা আলজেরিয়ার বিপক্ষে জয়ে মেসির হ্যাটট্রিক (৩ গোল), অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল (২ গোল) এবং সর্বশেষ জর্ডানের বিপক্ষে বদলি নেমে জাদুকরী ফ্রি-কিক থেকে পান ১ গোল। আর এই ৬ গোল দিয়েই তিনি টুর্নামেন্টের অর্ধেকেরও বেশি দলের আক্রমণভাগকে গোলসংখ্যার দিক থেকে পেছনে ফেলেছেন।

মেসির একার করা এই ৬ গোলের রেকর্ড ছুঁতে পারেনি এবারের আসরের বেশ কয়েকটি শিরোপাপ্রত্যাশী পরাশক্তিও। যার মধ্যে রয়েছে গ্রুপ পর্বে ৫টি করে গোল করা স্পেন, ক্রোয়েশিয়া ও মিশর। এছাড়া ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল এবং লাতিন আমেরিকার শক্তিশালী দল কলম্বিয়া গ্রুপ পর্বে দলগতভাবে গোল করতে পেরেছে মাত্র ৪টি করে। গ্রুপ পর্বে ১টি গোলও করতে না পারা পানামা যেমন এই তালিকায় আছে, তেমনি উরুগুয়ে, ইরান কিংবা ইকুয়েডরের মতো লড়াকু দলগুলোও গোলের দিক থেকে মেসির নিচে অবস্থান করছে।

এবারের আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতার শীর্ষস্থানটি নিজের দখলে রাখার পাশাপাশি আরও একটি কীর্তি গড়েছেন মেসি। ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার সিংহাসনটি এখন তার। বিশ্বমঞ্চে নিজের মোট গোলসংখ্যাকে ১৯-এ নিয়ে গেছেন ৩৯ বছর বয়সী এই কিংবদন্তি। এর মাধ্যমে তিনি পেছনে ফেলেছেন জার্মানির সাবেক স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসার (১৬ গোল) দীর্ঘদিনের রেকর্ডটি। একই সঙ্গে প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের টানা ৭ ম্যাচে গোল করার বিশ্ব রেকর্ডও এখন মেসির ঝুলিতে।

গ্রুপ পর্বে মেসির (৬ গোল) চেয়ে কম বা সমান গোল করা ৩০ দল:

৫ গোল করা দল: মিশর, স্পেন, বসনিয়া ও হার্জেগোভিনা, ক্রোয়েশিয়া ও আলজেরিয়া।

৪ গোল করা দল: পর্তুগাল, কলম্বিয়া, নিউজিল্যান্ড, ডিআর কঙ্গো ও আইভরি কোস্ট।

৩ গোল করা দল: তুরস্ক, জর্ডান, উরুগুয়ে ও ইরান।

২ গোল করা দল: ইকুয়েডর, অস্ট্রেলিয়া, কেপ ভার্দে, দক্ষিণ আফ্রিকা, উজবেকিস্তান, হাইতি, কাতার, ঘানা, তিউনিসিয়া, দক্ষিণ কোরিয়া, চেক প্রজাতন্ত্র ও প্যারাগুয়ে।

১ গোল করা দল: সৌদি আরব, ইরাক, স্কটল্যান্ড ও কুরাসাও।

কোনো গোল না করা দল: পানামা।

আরও পড়ুন

×