ঢাকা সোমবার, ২৯ জুন ২০২৬

গ্যারি লিনেকারকে ছাপিয়ে হ্যারি কেইন

গ্যারি লিনেকারকে ছাপিয়ে হ্যারি কেইন
×

আহসান হাবিব সম্রাট

প্রকাশ: ২৯ জুন ২০২৬ | ১০:১২

বিশ্বকাপে ইংল্যান্ডকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে আগেই নকআউট পর্বে তুলে দিয়েছিলেন অধিনায়ক হ্যারি কেইন। প্রথম ম্যাচে কেইনের জোড়া গোলের সুবাদেই ক্রোয়েশিয়ার বিপক্ষে দাপুটে জয় (৪-২) পেয়েছিল ইংল্যান্ড। শনিবার রাতে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ ম্যাচেও দলের জয়ে অবদান রাখেন কেইন। জুড বেলিংহাম ও কেইনের গোলের সুবাদে পানামাকে ২-০ গোলে উড়িয়ে গ্রুপ সেরার পতাকা নিয়েই নকআউট রাউন্ডে পৌঁছেছেন কোচ টমাস টুখেলের শিষ্যরা।

ইংল্যান্ডের জয়ের দিনে দারুণ একটি মাইলফলক গড়েছেন কেইন। ১১ গোল নিয়ে কিংবদন্তি স্ট্রাইকার গ্যারি লিনেকারকে পেছনে ফেলে বিশ্বকাপে ইল্যান্ডের পক্ষে সর্বোচ্চ গোলদাতা হওয়ার রেকর্ড গড়েন তিনি। টুর্নামেন্টে প্রতিটি ম্যাচেই পানামার মূল নজর ছিল রক্ষণভাগে। লক্ষ্য– কম গোল হজম করা। প্রথম দুই ম্যাচে এর সুফলও পেয়েছে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে অংশ নেওয়া লঁ ক্যানালেরোস দল।

দুই ম্যাচেই হার দেখলেও মাত্র একটি করে গোল হজম করেছে কোচ টমাস ক্রিশ্চিয়ানসেনের দল। শক্ত রক্ষণদুর্গের কারণে পানামার গোলমুখ খুলতে বেশ বেগ পেতে হয় থ্রি লায়নদের। প্রথমার্ধে ইংল্যান্ডকে গোলহীন রাখতে সক্ষম হয় উত্তর আমেরিকা (কনকাকাফ) অঞ্চলের দলটি। ৬২ মিনিটে ইংলিশ সমর্থককে উল্লাসে মাতিয়ে দলকে এগিয়ে দেন বেলিংহাম। বুকায়ো সাকার নেওয়া কর্নার কিক থেকে বল পেয়ে বুদ্ধিদীপ্ত শটে নিশানা ভেদ করেন রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডার। পাঁচ মিনিট পরেই অধিনায়কের করা গোলেও অবদান রাখেন তিনি। বেলিংহামের ক্রস থেকে দুর্দান্ত হেডে বল জালে পাঠান কেইন। ম্যাচের দ্বিতীয়ার্ধে হোসে ফাজারদোর গোল অফ সাইডের কারণে বাতিল হলে গোলের ব্যবধান কমানোর সুযোগ হারায় পানামা।

ম্যাচ শেষে ইংল্যান্ড কোচ টুখেল বলেন, ‘আগামী ম্যাচগুলোতে আমরা আরও আগ্রাসী হব। ম্যাচগুলোতে যত বেশি উত্তাপ ছড়াতে পারব, আমরাও তত ভালো পাব।’

এদিকে গ্রুপ পর্বে দলের অসাধারণ পারফরম্যান্সের জন্য অধিনায়ক হ্যারি কেইনকে প্রশংসায় ভাসান বেলিংহাম। ম্যাচ শেষে আইটিভি স্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আপনারা দেখেছেন তিনি (কেইন) অধিনায়ক হিসেবে নিজেকে কেমন করে নিংড়ে দিয়েছেন। কীভাবে তিনি জয়ের পথ দেখাচ্ছেন, তাঁর পারফরম্যান্সই সব বলে দিচ্ছে; (অধিনায়ক হিসেবে) তিনিই সেরা।’

শনিবার রাতে ফিলাডেলফিয়া স্টেডিয়ামে ‘এল’ গ্রুপের অন্য ম্যাচে মুখোমুখি হয়েছিল আগেই নকআউট পর্ব নিশ্চিত করা ক্রোয়েশিয়া ও ঘানা। পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থান দখলের ম্যাচটিতে ব্ল্যাক স্টারদের ২-১ গোলে পরাজিত করে ২০১৮ আসরের রানার্সআপ ক্রোয়েশিয়া। ইউরোপীয় দলের পক্ষে ম্যাচের দুই অর্ধে গোল করেন পিটার সুকিচ (৩১) ও নিকোলা ভ্লাসিচ (৮৩)। অন্যদিকে ঘানার পক্ষে এক গোল পরিশোধ করেন ডেরিক লুকাসেন (৭৩)। 

আরও পড়ুন

×