ঢাকা সোমবার, ২৯ জুন ২০২৬

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে শিশুহত্যার বিচার দাবি খামেনির

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে শিশুহত্যার বিচার দাবি খামেনির
×

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা আলী খামেনি। ছবি: সংগৃহীত

আল জাজিরা

প্রকাশ: ২৯ জুন ২০২৬ | ০৯:৪৯

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা আলী খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নেতাদের বিরুদ্ধে ‘শিশুহত্যা’, যুদ্ধাপরাধ ও আগ্রাসনের অভিযোগে বিচার দাবি করেছেন। রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি এ আহ্বান জানান।

খামেনি বলেন, ২০২৫-২৬ সালে ইরানের বিরুদ্ধে সংঘটিত ‘শিশুহত্যা, যুদ্ধাপরাধ ও আগ্রাসনের’ জন্য দায়ীদের দেশের আদালতের পাশাপাশি আন্তর্জাতিক আদালতেও বিচারের মুখোমুখি করতে হবে। তার দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নেতাদের প্রকাশ্য বক্তব্যই এসব অপরাধের স্বীকারোক্তি হিসেবে বিবেচিত হতে পারে।

১৯৮১ সালে বোমা হামলায় নিহত ইরানের তৎকালীন প্রধান বিচারপতি আয়াতুল্লাহ মোহাম্মদ বেহেশতি এবং অন্যান্য শীর্ষ রাজনৈতিক নেতাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বার্তায় এসব মন্তব্য করেন খামেনি। তার বক্তব্যে ২০২৫ সালের জুনে ইসরায়েলের সঙ্গে ইরানের ১২ দিনের যুদ্ধের প্রসঙ্গও উঠে আসে।

খামেনি তার বক্তব্যে ‘শিশুহত্যা’র উদাহরণ হিসেবে ইরানের দক্ষিণাঞ্চলের মিনাব শহরের শাজারেহ তাইয়্যেবেহ বালিকা প্রাথমিক বিদ্যালয়ে হামলার ঘটনা উল্লেখ করেন। ইরানি কর্তৃপক্ষের দাবি, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের প্রথম দিন ওই বিদ্যালয়ে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলায় শিক্ষকসহ ১৭৫ জনের বেশি মানুষ নিহত হন, যাদের অধিকাংশই শিশু।

তবে যুক্তরাষ্ট্র এ অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কী প্রতিক্রিয়া জানিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
 

আরও পড়ুন

×