ঢাকা সোমবার, ২৯ জুন ২০২৬

বাংলাদেশকে আমরা অঙ্গ মনে করি: দিলীপ ঘোষ

বাংলাদেশকে আমরা অঙ্গ মনে করি: দিলীপ ঘোষ
×

পশ্চিমবঙ্গের বিজেপি নেতা দিলীপ ঘোষ

কলকাতা প্রতিনিধি

প্রকাশ: ২৯ জুন ২০২৬ | ০৪:১৮

বাংলাদেশকে নিয়ে একাধিক মন্তব্য করে আলোচনার জন্ম দিয়েছেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বলেছেন, ভারত বাংলাদেশকে নিজেদের ‘অঙ্গ’ মনে করে। একই সঙ্গে তিনি দাবি করেন, বাংলাদেশের শিল্প-কলকারখানা নেই এবং দেশটি এখন বুঝতে পেরেছে, দুই দেশের সম্পর্কের অবনতিতে সবচেয়ে বেশি ক্ষতি তাদেরই হয়েছে।

রোববার কলকাতায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) ঘনিষ্ঠ প্রাণিসম্পদ উন্নয়ন দপ্তরের চিকিৎসকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ভেটেরিনারি ডক্টরস আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

বাংলাদেশে পর্যটক ভিসা চালুর প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “ভিসা তো আমরা সবসময়ই দিতাম। বাংলাদেশকে আমরা অঙ্গ মনে করি। কিন্তু তারা যদি আমাদের সে দৃষ্টিতে না দেখে এবং শত্রুর মতো আচরণ করে, তাহলে আমাদেরও কঠোর হতে হয়।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা খুবই দুর্বল। তাই সেখানকার অনেক রোগী চিকিৎসার জন্য কলকাতা ও দিল্লিতে আসেন। আমরা চাই পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য আরও বাড়ুক। এতে উভয় পক্ষই লাভবান হবে।”

দিলীপ ঘোষ দাবি করেন, “বাংলাদেশে শিল্প-কলকারখানা নেই। পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা চাল, ডাল, তেল, লবণ, ফল, সারসহ বিভিন্ন পণ্য সেখানে সরবরাহ করেন। বাংলাদেশের বাজারে আমাদের বহু ব্যবসায়ীর কোটি কোটি টাকা আটকে আছে। আবার ব্যবসা স্বাভাবিকভাবে চালু হলে দুই দেশই উপকৃত হবে।”

তিনি আরও বলেন, “ভিসা চালু হোক, সবকিছু স্বাভাবিক হোক। বাংলাদেশ এখন বুঝতে পেরেছে, সম্পর্কের অবনতিতে ক্ষতিটা তাদেরই বেশি হয়েছে।”

দিলীপ ঘোষের এসব মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

আরও পড়ুন

×