প্রথম দল হিসেবে শেষ ষোলোতে কানাডা
ছবি-সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৯ জুন ২০২৬ | ০৩:১৩ | আপডেট: ২৯ জুন ২০২৬ | ০৪:১৩
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নকআউট পর্বের প্রথম ম্যাচ গোলশূন্যতে নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ করে বিশ্বকাপের সহ-আয়োজক কানাডা। এরপর চলছিল যোগ করা মিনিটের খেলা। আর তখনই কাঙ্ক্ষিত গোলের দেখা পেয়ে যায় কানাডা। আর সেই গোলের লিড ধরে রেখে ১-০ ব্যবধানে জিতে নেয় তারা।
এই জয়ের মাধ্যমে প্রথম দল হিসেবে এবং বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার সেরা ষোলোতে জায়গা করে নিল কানাডা।
ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য শেষ হলেও দ্বিতীয়ার্ধে উত্তেজনা আরও বাড়ে। ম্যাচের ৬৫তম মিনিটে ফের একবার গোল হজম করতে বসেছিল দক্ষিণ আফ্রিকা। এ যাত্রায় আফ্রিকান দলটিকে বাঁচান গোলরক্ষক উইলিয়ামস। জোনাথন ডেভিডের শট পা দিয়ে রুখে দেন তিনি। এরপরও সুযোগ পেয়েছিল কানাডা। তবে বল ঠেকিয়ে দেন এমবোকাজি।
এক সময় মনে হচ্ছিলো গোলশূন্যতেই শেষ হবে নির্ধারিত ৯০ মিনিটের খেলা। কিন্তু যোগ করা সময়ে আসে সেই মাহেন্দ্রক্ষণ। ৯০+১ মিনিটের খেলায় গোল পেয়ে যায় কানাডা। ম্যাচের জয়সূচক একমাত্র গোলটি করেন স্টিভেন ইউস্টাকিও। লিড ধরে রেখে ১-০ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়েন কানাডা।
কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে নেদারল্যান্ডস ও মরক্কো ম্যাচের জয়ী দলের বিপক্ষে মাঠে নামবে কানাডিয়ানরা।
- বিষয় :
- ফুটবল
- বিশ্বকাপ ফুটবল
- কানাডা
