ঢাকা সোমবার, ২৯ জুন ২০২৬

রাজধানীতে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত নিউ হরাইজন ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক উৎসব

রাজধানীতে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত নিউ হরাইজন ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক উৎসব
×

ছবি-সংগৃহীত

অনলাইন ডেস্ক 

প্রকাশ: ২৯ জুন ২০২৬ | ০৪:৩০

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে রাজধানীর নিউ হরাইজন ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক উৎসব ২০২৫–২০২৬ উদযাপিত হয়েছে। রোববার স্কুল প্রাঙ্গণে দিনব্যাপী নানা আকর্ষণীয় ও সৃজনশীল আয়োজনের মধ্য দিয়ে এই উৎসব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে খুদে শিক্ষার্থীরা পবিত্র কুরআন তিলাওয়াত ও জাতীয় সঙ্গীত পরিবেশন করে। এরপর স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ডিরেক্টর ও সিইও আনজাম আনসার বাজু। শিক্ষার্থীদের নজরকাড়া পরিবেশনা— ‘ইন্সি উইন্সি স্পাইডার’, ছন্দময় নৃত্য ও আবৃত্তি উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিশুসাহিত্যিক, কলামিস্ট ও মানবাধিকারকর্মী নিশাত সুলতানা এবং লেখক, শিশুসাহিত্যিক ও সম্পাদক আশিক মুস্তাফা।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্যে নিশাত সুলতানা বলেন, "শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের গণ্ডিতে সীমাবদ্ধ থাকলে চলবে না। তাদের মননশীল ও মানবিক গুণাবলিসম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। নিউ হরাইজন ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল স্কুলের আজকের এই চমৎকার আয়োজন প্রমাণ করে যে, প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে কতটা যত্নশীল।"

লেখক ও সম্পাদক আশিক মুস্তাফা স্কুলের পরিবেশের প্রশংসা করে বলেন, "এই শহরের বেশিরভাগ স্কুল ছোটদের উপযোগী নয়। তবে এই ক্যাম্পাসটি অত্যন্ত সুন্দর ও শিশুদের জন্য উপযুক্ত। এমন শিক্ষার্থীবান্ধব পরিবেশেই শিশুদের বেড়ে ওঠা উচিত। এখানে তারা মনের আনন্দে খেলবে, গাইবে এবং শিখবে—এমন পাঠশালাই আমাদের কাম্য।" তিনি স্কুল কর্তৃপক্ষের স্বতঃস্ফূর্ত প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন।

সাংস্কৃতিক পর্বের অন্যতম বিশেষ আকর্ষণ ছিল সুকুমার রায়ের কালজয়ী নাটক ‘অবাক জলপান’। গ্রেড ওয়ান ও গ্রেড টু-এর শিক্ষার্থীদের নিপুণ অভিনয় উপস্থিত অভিভাবক ও অতিথিদের প্রশংসা কুড়ায়। এছাড়া শিক্ষার্থীরা নাটক, নৃত্য ও সঙ্গীতের মাধ্যমে তাদের প্রতিভা তুলে ধরে।

পুরো আয়োজনটি ফেসবুক লাইভের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়, যা বাইরের দর্শকরাও উপভোগ করেন। স্কুলের প্রিন্সিপাল মারিয়াম নূর ইউনুসের নেতৃত্বে শিক্ষকবৃন্দ অনুষ্ঠানটি সফলভাবে পরিচালনা করেন।

উল্লেখ্য, অ্যাডেক্সেল কারিকুলামে পরিচালিত এই শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষাবর্ষ জুলাই থেকে শুরু হয়ে জুন মাসে শেষ হয়। পুরস্কার বিতরণী ও ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে বর্ণিল এই উৎসবের সমাপ্তি ঘটে।

আরও পড়ুন

×