সাম্বার ছন্দ উঠবে আজ!
নাজমুল হক নোবেল
প্রকাশ: ২৯ জুন ২০২৬ | ০৯:২১
হিউস্টনে কি আজ সাম্বার ছন্দে উদযাপন করতে দেখা যাবে ভিনিসিয়ুসকে? ম্যাথেউস কুনিয়াকে হাঁটু গেড়ে বসে ঢেউয়ের ওপর সার্ফিংয়ের মুদ্রা তুলতে দেখা যাবে? নাকি জাপানি সামুরাইয়ের সুতীক্ষ্ণ আঘাতে স্তব্ধ হয়ে যাবে লাতিন শিল্প? সেই সম্ভাবনা ও শঙ্কার দোলাচলে ‘রাউন্ড অব ৩২’-এ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা আজ বিশ্ব ফুটবলের অন্যতম সুশৃঙ্খল ও ভয়ংকর দল জাপানের মুখোমুখি হচ্ছে। নকআউট পর্বের শুরুতেই দুই ঘরানার দুই দলের লড়াই নিয়ে টানটান উত্তেজনায় ভুগছেন বিশ্বের ফুটবলপ্রেমীরা। বাংলাদেশ সময় আজ রাত ১১টায় শুরু হবে লড়াই।
প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের পর গেল গেল রব উঠে গিয়েছিল ব্রাজিলকে নিয়ে। আসরের শুরুতেই হেক্সা (ষষ্ঠ শিরোপা) মিশনের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। শুরুর সেই ধাক্কা সামলে রং মেলতে শুরু করেছে হলুদ প্রজাপতিরা। ফিলাডেলফিয়ায় হাইতিকে ৩-০ গোলে হারিয়ে জয়ে ফেরে তারা। এরপর মায়ামিতে স্কটল্যান্ডকেও একই ব্যবধানে পরাজিত করে। স্কটিশদের বিপক্ষেই ব্রাজিলকে স্বরূপে দেখা গেছে। প্রতি ম্যাচেই পারফর্ম করা ভিনি ছিলেন এই ম্যাচে দুর্দান্ত। স্ট্রাইকার কুনিয়াও ছন্দে ফিরেছেন এ ম্যাচে। শুরুর সেই ধাক্কা সামলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই নকআউটে নাম লেখায় তারা। ব্রাজিলের জন্য আরও একটি স্বস্তির বিষয় ছিল, স্কটল্যান্ডের বিপক্ষে দাপুটে জয়ের সন্ধ্যায় মাঠে ফিরেছেন নেইমার। ‘ব্লু সামুরাই’ খ্যাত জাপানও সমীহ জাগানো ফুটবল খেলেই নকআউটে এসেছে। প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে দুবার পিছিয়ে পড়েও ২-২ গোলে ড্র করার পর তিউনিসিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দেয় তারা। শেষ গ্রুপ ম্যাচে সুইডেনের সঙ্গে ১-১ গোলে অপরাজিত থেকে গ্রুপ রানার্সআপ হয় জাপান।
শুরুটা যেমনই হোক, সেই ১৯৮২ বিশ্বকাপ থেকে ব্রাজিল কখনও গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়নি। এবার তো নকআউটে নাম লেখানোর পর সেমিতে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার সঙ্গে সম্ভাব্য লড়াই নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। সেলেসাও বস কার্লো আনচেলত্তি অবশ্য এত দূরে ভাবতে রাজি নন। একটি একটি ম্যাচ ধরে এগোতে চান তিনি। সঠিক সময়ে তাঁর দল ফর্মে ফিরেছে বলে আত্মবিশ্বাসী ইতালিয়ান এ কোচ। তাঁর অধীনে সর্বশেষ ছয় ম্যাচের পাঁচটিতে জয় পেয়েছে ব্রাজিল। যেখানে শেষ দুই ম্যাচে কোনো গোল হজম করেনি; আগের ছয় ম্যাচেও একটির বেশি গোল হজম করেনি তারা। তবে দুই দলের সর্বশেষ মোকাবিলায় কিন্তু জয় পেয়েছিল জাপান। গত বছর ১৪ অক্টোবর প্রীতি ম্যাচে দুই তারকা সেন্ট্রাল ডিফেন্ডার মার্কিনিওস ও গাব্রিয়েল মাগালায়েসহীন ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়ে দিয়েছিল তারা। ব্রাজিলের বিপক্ষে ১৪ বারের চেষ্টায় সেটাই ছিল জাপানের প্রথম জয়। ওই জয়ের পর থেকে বাড়তি একটা আত্মবিশ্বাস কাজ করে হাজিমে মোরিয়েসুর দলের ভেতর। সেই আত্মবিশ্বাসের জোরেই কিনা তারা এ বছর ইংল্যান্ডকে হারিয়েছে এবং বিশ্বকাপে ডাচদের বিপক্ষে ড্র করেছে। তবে জাপান এখনও বিশ্বকাপে নকআউট পর্বে কোনো ম্যাচ জিতেনি। ২০০২, ২০১০, ২০১৮ ও ২০২২– প্রতিবারই শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে তারা। সে ইতিহাস বদলে দিতে আজ মাঠে নামবে জাপান।
ব্রাজিল এ ম্যাচেও তারকা উইঙ্গার রাফিনিয়াকে পাচ্ছে না। হাইতির বিপক্ষে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়া বার্সেলোনার এ ফুটবলার এখনও অনুশীলনে ফেরেননি। কবে ফিরবেন, সে বিষয়েও স্পষ্ট কোনো বার্তা নেই। জাপানের বিপক্ষে যে আগের ম্যাচের একাদশই অপরিবর্তিত থাকছে, সে ইঙ্গিত কোচ আনচেলত্তি এরই মধ্যে দিয়েছেন। রাফিনিয়ার জায়গায় এ ম্যাচেও বোর্নমাউথের ১৯ বছর বয়সী উইঙ্গার রায়ান খেলবেন। আজও বদলি হিসেবে নামবেন নেইমার। যদিও ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা (১২৯ ম্যাচে ৭৯ গোল) নেইমারের প্রিয় প্রতিপক্ষ জাপান। কোনো এক দল হিসেবে জাপানের বিপক্ষে সর্বোচ্চ ৯টি গোল করেছেন তিনি। তবে আজ ব্রাজিল খেলবে মূলত ভিনিসিয়ুস জুনিয়রকে কেন্দ্র করে। স্বয়ং নেইমারই বলেছেন, ভিনিই এখন ব্রাজিলের মূল তারকা। তাঁকে ঘিরেই আবর্তিত হচ্ছেন তারা। গ্রুপ পর্বের সব ম্যাচে গোল করে ব্রাজিলের পাঁচজনের এলিট ক্লাবের নতুন সদস্য এই ভিনি।
চোট সমস্যা জাপানেরও আছে। দ্বিতীয় গ্রুপ ম্যাচে হাঁটুতে চোট পাওয়া তাদের তারকা মিডফিল্ডার তাকেফুসা কোবু এখনও পুরো দমে অনুশীলনে ফিরতে পারেননি। সুইডেনের বিপক্ষে সেন্টার-ব্যাক কো ইতাকোরা অস্বস্তি বোধ করায় ৩৯ মিনিটে মাঠ ছেড়ে গিয়েছিলেন। তবে তাঁর চোট ততটা গুরুতর নয়। আজ তিনি খেলবেন বলেই প্রত্যাশা করা হচ্ছে।
- বিষয় :
- ব্রাজিল
- জাপান
- বিশ্বকাপ ফুটবল
