ব্রাজিল দলে নেইমার, ডাক পাননি ভিনিসিয়াস
ছবি: ফাইল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ মার্চ ২০২০ | ০৭:১৪
লাল কার্ডের খড়গে পড়ায় ব্রাজিলের হয়ে বলিভিয়ার বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না গ্যাব্রিয়েল জেসুস। তারপরও ম্যানচেস্টার সিটির স্ট্রাইকারকে দলে নিয়েছেন ব্রাজিল কোচ তিতে। এছাড়া ইনজুরির কারণে দলের বাইরে থাকা নেইমার ফিরেছেন ব্রাজিল দলে।
তবে রিয়াল মাদ্রিদের হয়ে দারুণ ফর্মে থাকা ভিনিসিয়াস জুনিয়রকে ডাকেননি কোচ তিতে। রিয়ালে খেলা আরেক তরুণ রদ্রিগো গোয়েসও নজরে আসেননি ব্রাজিল কোচ তিতের।
চোটের কারণে গত নভেম্বরে আর্জেন্টিনা ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে প্রীতি ফুটবল ম্যাচে দলের বাইরে ছিলেন নেইমার। ইনজুরি থেকে ফেরার পর দারুণ ফর্মে আছেন প্যারিস সেইন্ট জার্মেইয়ের এ তারকা।
বিশ্বকাপ বাছাইয়ে তাই বলিভিয়া ও পেরুর বিপক্ষে ম্যাচের জন্য ব্রাজিলের ঘোষিত ২৪ সদস্যের দলে ডাক পেয়েছেন নেইমার। তবে ইনজুরির কারণে বাদ পড়েছেন বর্তমান বিশ্বের সেরা গোলরক্ষক অ্যালিসন বেকার।
২০২২ কাতার বিশ্বকাপ বাছাইয়ে তিতের দলে বড় চমক জাতীয় দলে না খেলা ব্রুনো গুয়েমারেস। ব্রাজিল অনূর্ধ্ব-২৩ দলের সদস্য গুয়েমারেস এরই মধ্যে নিজের সামর্থ্যের ছাপ রেখেছেন। দেশের ক্লাব অ্যাতলেতিকো পারানাইন্সের হয়ে জিতেছেন ২০১৮ কোপা সুদামেরিকানা ও ২০১৯ কোপা দো ব্রাজিল।
গত ফেব্রুয়ারি অলিম্পিক বাছাইয়ের লাতিন অঞ্চলের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া ২২ বছর বয়সীকে তাই দলে নিয়েছেন তিতে। ব্রাজিল আগামী ২৭ মার্চ ঘরের মাঠে বলিভিয়ার বিপক্ষে এবং ৩১ মার্চ পেরুর মাঠে গিয়ে খেলবে।
ব্রাজিল স্কোয়াড: গোলরক্ষক: এডারসন (ম্যানসিটি), ইভান (পন্তে পেরেতা), ওয়েভাটরন (পালমেইরা)
ডিফেন্ডার: দানি আলভেস (সাওপাওলো), দানিলো (জুভেন্টাস), আলেক্স সান্দ্রো (জুভেন্টাস), রেনান লোদি (অ্যাথলেটিকো মাদ্রিদ), মারকুইনহোস (পিএসজি), এদার মিলিতাও (রিয়াল মাদ্রিদ), ফেলিপে আগুয়েস্ত (অ্যাথলেটিকো মাদ্রিদ), থিয়াগো সিলভা (পিএসজি)
মিডফিল্ডার: কাসেমিরো (রিয়াল মাদ্রিদ), আর্থার মেলো (বার্সেলোনা), ফ্যাবিনহো (লিভারপুল), ফিলিপে কুতিনহো (বায়ার্ন মিউনিখ), ব্রুনো গুয়েমারেস (লিঁও), এভারটন রিবেইরো (ফ্লেমিঙ্গো), হেনরিক (করিস্থিয়ান)।
ফরোয়ার্ড: গ্যাব্রিয়েল জেসুস (ম্যানসিটি), রিচার্লিসন (এভারটন), রবার্তো ফিরমিনো (লিভারপুল), গ্যাব্রিয়েল বারবোসা (ফ্লেমিঙ্গো), নেইমার (পিএসজি) এভারটন (গ্রেমিও)।
- বিষয় :
- খেলা
- ফুটবল
- ব্রাজিল দল
- নেইমার-ভিনিসিয়াস
