ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

ক্রিকেটার মিরাজের বাসায় চুরিতে জড়িত তরুণ গ্রেপ্তার

ক্রিকেটার মিরাজের বাসায় চুরিতে জড়িত তরুণ গ্রেপ্তার
×

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৭ মার্চ ২০২০ | ০৯:২৩

জাতীয় দলের ক্রিকেটার মেহেদী হাসান মিরাজের মিরপুরের র‌্যাকিন সিটির বাসায় চুরির ঘটনায় সোহেল রানা নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে কাফরুল থানা পুলিশ। পরে তার বাসা থেকে উদ্ধার করা হয় চুরি যাওয়া প্রায় ১৩ ভরি স্বর্ণ, ১২ আনা হীরা ও ১৬ ভরি ইমিটেশনের গহনা। চুরির কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিও দিয়েছে সোহেল।

মামলার তদন্ত কর্মকর্তা কাফরুল থানার এসআই এমদাদুল হক জানান, চুরির অভিযোগ পাওয়ার পর থেকে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ শুরু করে পুলিশ। একপর্যায়ে ৪ মার্চ বিকেলে মিরপুরের র‌্যাকিন সিটি থেকে সোহেলকে গ্রেপ্তার করা হয়। সে ওই ভবনে ফায়ার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করত। পরে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যে পল্লবীর বাসা থেকে উদ্ধার করা হয় চোরাই মালপত্র।

তদন্ত কর্মকর্তা জানান, সোহেলকে বৃহস্পতিবার আদালতে হাজির করা হয়। এ সময় সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সোহেলের অন্য সহযোগীদের গ্রেপ্তার এবং বাকি চোরাই মালপত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ জানায়, জিম্বাবুয়ে ও বাংলাদেশের টেস্ট ম্যাচ উপলক্ষে ২০ ফেব্রুয়ারি থেকে মিরাজ সস্ত্রীক টিম হোটেলে ছিলেন। তার মা-বাবা ছিলেন বরিশালে গ্রামের বাড়িতে। ২৬ ফেব্রুয়ারি দুপুরে মিরাজ ফ্ল্যাটে ফিরে দেখেন, আলমারি ভাঙা। গহনা ও যুক্তরাষ্ট্রের ডলার নেই। পরে ২৭ ভরি স্বর্ণের গহনা ও যুক্তরাষ্ট্রের ছয় হাজার ডলার চুরির অভিযোগে কাফরুল থানায় মামলা করা হয়।

আরও পড়ুন

×