খরচ বাঁচাতে সড়কপথে হকি দলের ভারতযাত্রা
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৩ | ০৪:৪২ | আপডেট: ২৭ এপ্রিল ২০২৩ | ০৪:৪২
ভারতে যুব হকি দলের ক্যাম্প করা নিয়ে ছিল অনিশ্চয়তা। ভিসা জটিলতাসহ নানা কারণে ভারত সফর বাতিলের চিন্তাও করেছিল বাংলাদেশ হকি ফেডারেশন। শেষ পর্যন্ত সব অনিশ্চয়তা কাটিয়ে জুনিয়র এশিয়া কাপের আগে কন্ডিশনিং ক্যাম্প করতে আজ ভারত যাচ্ছে যুব হকি দল। তবে এই যাত্রাটা আকাশপথে নয়, খরচ কমাতে সড়কপথে ভারত যাচ্ছে হকি দল।
২৩ মে ওমানে শুরু হবে অনূর্ধ্ব-২১ এশিয়া কাপ হকি। ওই টুর্নামেন্টের প্রস্তুতির জন্য ভারতকে বেছে নেন ফেডারেশন কর্মকর্তারা। হরিয়ানা ও জলন্ধরে ২৮ দিনের কন্ডিশনিং ক্যাম্প করার পাশাপাশি বিভিন্ন রাজ্যদলের সঙ্গে সর্বোচ্চ ১১টি ম্যাচ খেলার কথা যুবাদের।
ভারতে কন্ডিশনিং ক্যাম্পের পর ১৭ মে সেখান থেকে সরাসরি ওমানে যাবে লাল-সবুজের দলটি। কিন্তু জাতীয় যুব দলকে বিমানে না নিয়ে সড়কপথে ভারত নেওয়ার পরিকল্পনা করায় ক্ষুব্ধ হয়েছেন হকির সঙ্গে সংশ্লিষ্ট অনেকেই। কেন সড়কপথে দলকে ভারত নিয়ে যাচ্ছে– এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে অনেকেই অনেক কথা বলেছেন।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ভারত সফর এবং ওমানে এশিয়া কাপ বাবদ মোট বাজেট ধরা হয়েছে ১ কোটি ২০ লাখ টাকার মতো। এর মধ্যে ওমানেই খরচ হবে ৭০ লাখ টাকার মতো। ওমানে আসা-যাওয়া, সেখানে থাকা-খাওয়াসহ সবকিছু বহন করতে হবে বাংলাদেশ হকি ফেডারেশনকে। এই মুহূর্তে ২৩ খেলোয়াড় এবং কোচিং স্টাফসহ প্রায় ৩০ জনের জন্য বিমানের টিকিট কাটতে অনেক টাকার প্রয়োজন।
এই টাকা জোগাড় করার দায়িত্ব নেন ফেডারেশনের সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক সাঈদ। কিন্তু কোনো পৃষ্ঠপোষক না পাওয়ায় বেকায়দা পড়ে যান তিনি। উপায় না দেখে ফেডারেশনের অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলন করে আপাতত সড়কপথে দলকে ভারত পাঠানোর সিদ্ধান্ত নেন সাঈদ। এরপর স্পন্সর পেলে সেই অর্থ ফেডারেশনের তহবিল জমা করার কথা। এই বিষয়ে জানতে ফোন করা হলেও তা রিসিভ করেননি সাধারণ সম্পাদক সাঈদ।
