চ্যাম্পিয়ন্স লিগ মহারণে 'মিলান ডার্বি' আজ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৯ মে ২০২৩ | ১৮:০০ | আপডেট: ১০ মে ২০২৩ | ০৯:০৯
১৮ বছর আগে ফেদেরিকো দিমার্কো ছিলেন সাত বছরের শিশু। ২০০৫ সালে প্রিয় ক্লাব ইন্টারের জয় দেখতে পিতার সঙ্গে স্যান সিরোতে গিয়েছিলেন তিনি। কিন্তু ইন্টার সমর্থকদের উন্মত্ততায় চ্যাম্পিয়ন্স লিগের সেই ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় লজ্জা নিয়ে বাড়ি ফিরতে হয়েছিল তাঁকে। সেই শিশু আজ ইন্টারের রক্ষণপ্রহরী।
আর সেই ঘটনার পর এই প্রথম উয়েফার কোনো টুর্নামেন্টে মুখোমুখি হচ্ছে মিলানের দুই ক্লাব। স্বাভাবিকভাবেই দিমার্কো তো বটেই, দুই ক্লাবের জন্যই ম্যাচটি ভীষণ আবেগের। স্যান সিরোতে আজ চ্যাম্পিয়ন্স লিগের সেমির প্রথম লেগে স্বাগতিক এসি মিলান। বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় মুখোমুখি হবে এ দু'দল। আগামী সপ্তাহে দ্বিতীয় লেগে স্যান সিরোর স্বাগতিক ইন্টার মিলান।
এই নিয়ে তৃতীয়বার উয়েফার ক্লাব টুর্নামেন্টে মিলান শহরের দুই ক্লাব পরস্পরের মোকাবিলা করবে। ২০০২-০৩ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে এবং ২০০৪-০৫তে কোয়ার্টারে মুখোমুখি হয়েছিল তারা। দুইবারই জিতেছিল এসি মিলান। তবে ২০০৫ সালের ওই ম্যাচটি ইতিহাসে চিহ্নিত হয়ে আছে ‘লজ্জার ডার্বি’ হিসেবে। প্রথম লেগে মিলানের জয়ের পর দ্বিতীয় লেগে ইন্টারের উন্মত্ত সমর্থকরা মাঠের মধ্যে আতশবাজির বিরামহীন বিস্ফোরণ ঘটাতে থাকেন। যে কারণে শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত হয়েছিল। সেই ঘটনার পর ইউরোপীয় কোনো টুর্নামেন্টে আবার দুই ক্লাব মুখোমুখি হচ্ছে।
তবে ইন্টার বস সিমোনে ইনজাঘি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ বলেই একে বাড়তি গুরুত্ব দিতে নারাজ। আর দশটা লোকাল ডার্বির মতোই নাকি অনুভব করছেন তিনি, ‘আমরা জানি এই ম্যাচটি আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ। তবে আমি খুব বেশি উত্তেজনা অনুভব করছি না। কারণ, ছেলেরা ভীষণ মনোযোগী। গত ২০ মাসে আমরা সাতটি ডার্বি খেলেছি। এর মধ্যে আমরা জিতেছিও, হেরেছিও। আমরা ওই ম্যাচগুলোর মতোই খেলব। বাড়তি কোনো কিছু করব না।’
সে যাই হোক, দুরন্ত ফর্মে থাকা দুই স্ট্রাইকারের জন্য ফেভারিট হিসেবে মাঠে নামবে ইন্টার। টানা পাঁচ ম্যাচ জিতে আজ নগর প্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি হচ্ছে ইন্টার। ওই পাঁচ ম্যাচে ১৪ গোল করেছে তারা, যেখানে ১০ গোল এসেছে দুই স্ট্রাইকার লাওতারো মার্টিনেজ ও রুমেলু লুকাকুর কাছ থেকে।
তাই বলে এসি মিলানও ছেড়ে দেওয়ার পাত্র নয়। স্টেফানো পিওলির নেতৃত্বে ১১ বছর পর গত মৌসুমে তারা সিরি ‘এ’ শিরোপা জিতেছে। গত সেপ্টেম্বরে ডার্বিতে ৩-২ গোলে জিতেছিল মিলান। কিন্তু সর্বশেষ দুই ডার্বিতে তারা হেরেছে ইন্টারের কাছে। তবে মিলান স্ট্রাইকার অলিভার জিরুদের মতে উয়েফার টুর্নামেন্ট বলেই ফেভারিট তারা। ৩৬ বছর বয়সী এ ফরাসি তারকা ২০২১ সালে চেলসির হয়ে জিতেছিলেন চ্যাম্পিয়ন্স লিগ। গত মৌসুমে মিলানের সিরি ‘এ’ জয়ের অন্যতম কারিগর তিনি। শুধু এই ডার্বিই নয়, মিলানকে চ্যাম্পিয়ন্স লিগের অষ্টম শিরোপাও এনে দিতে চান তিনি। জিরুদ বলেন, ‘যে কোনো সময়ের চেয়ে আমি অনেক বেশি অনুপ্রাণিত। আবারও এই ট্রফি জয়ের দারুণ সুযোগ। আমার বয়স ৩৭ হতে চলল, কিন্তু এখনও গোলের জন্য একজন তরুণের মতো ক্ষুধার্ত আমি।’
- বিষয় :
- মিলান ডার্বি
- এসি মিলান
- ইন্টার মিলান
