ক্রিকেটারদের ১০ ঘণ্টা ঘুমানোর পরামর্শ
ছবি: ফাইল
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২০ | ০৫:৪২ | আপডেট: ০৫ এপ্রিল ২০২০ | ০৫:৪৯
ফিটনেস ধরে রাখতে ক্রিকেটারদের তেল-চর্বি, কাঁচা চিনি পরিহার, শর্করা জাতীয় খাবার পরিমিত খাওয়ার নিয়ম বেঁধে দেওয়া হয় খেলোয়াড়দের 'ডায়েট চার্টে'। কিন্তু করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ক্রিকেটারদের ডায়েট চার্ট তৈরি হয়েছে নতুন করে। সঙ্গে ঘুমাতে বলা হয়েছে বেশি করে।
বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী এ নিয়ে জানান, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে ক্রিকেটারদের বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনাগুলো নিয়ম করে নেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে ক্রিকেটারদের অনলাইন একটি গ্রুপে।
আগে যে নিয়মে চলেছে সেখান থেকে বিসিবির চিকিৎসক ক্রিকেটারদের বেরিয়ে আসার পরামর্শ দিয়েছেন। ইউমিনিটি বাড়াতে কেমন খাদ্য খেতে হবে তার তালিকার সঙ্গে নিয়মিত ব্যায়াম করার পরামর্শ দেন তিনি। কারণ এই সময়ে মানসিকভাবে ভালো থাকাটা জরুরি।
এ ব্যাপারে দেবাশীষ চৌধুরীর তালিকা অনুযায়ী ফলমূলের ভেতরে ভিটামিন সি জাতীয় ফল বেশি খাওয়া। লেবু, মালটা, কমলা, নাশপাতি, স্ট্রবেরি, পেঁপে, আনারস ও মৌসুমি ফল, ব্রুকলি, গাজর, শাকসবজি, অ্যাসপারাগাস, পেঁয়াজ, রসুন, আদা, উদ্ভিজ্জ এবং প্রাণিজ প্রোটিন, বাদাম, ফ্রুুটস সালাদ, কফি, আইসক্রিম, চকলেট, বিস্কুট ইত্যাদি।
এ ছাড়াও পর্যাপ্ত ঘুমাতে বলছেন বিসিবির এই চিকিৎসক। তিনি জানান, দিনে আট থেকে ১০ ঘণ্টা ঘুমাতে হবে ইমিউনিটি বাড়াতে। পাশাপাশি ধূমপান পরিহার করতে বলা হচ্ছে। প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় নির্দিষ্ট কোনো ওষুধ এখন পর্যন্ত তৈরি হয়নি। বিজ্ঞানীরা প্রাণপণ লড়াই করে গেলেও প্রতিষেধক তৈরি করতে পারেননি। ছোঁয়াচে এই ভাইরাস প্রতিরোধে সামাজিক সচেতনতা ও ব্যক্তিগত জীবনযাপনে পরিবর্তন আনাই মহৌষধ।
