সেমিতে উঠেই বড় অঙ্কের বোনাস পাচ্ছেন তপু-মোরসালিনরা
ছবি- বাফুফে
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৯ জুন ২০২৩ | ১১:৩২ | আপডেট: ২৯ জুন ২০২৩ | ১১:৩৪
দীর্ঘ ১৪ বছর পর দক্ষিণ এশিয়ায় ফুটবলীয় শ্রেষ্ঠত্বের লড়াই বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপে সেমিফাইনাল নিশ্চিত করল বাংলাদেশ। গত রাতে ব্যাঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে 'বি' গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ভুটানকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছেন জামাল ভূইয়ারা।
এই জয়ে ছয় পয়েন্ট নিয়ে গ্রুপের রানার্সআপ হিসেবে শেষ চার নিশ্চিত করল হাভিয়ের কাবরেরার শিষ্যরা। ১ জুলাই প্রথম সেমিফাইনালে বাংলাদেশের সামনে টুর্নামেন্টের অন্যতম ফেবারিট কুয়েত।
ঘোষণাটা এসেছিল অবশ্য ভুটান ম্যাচের আগেই। কাজী সালাউদ্দিন টিম ম্যানেজমেন্টকে জানিয়ে দেন, সেমিফাইনালে উঠতে পারলেই দলকে ৫০ লাখ টাকা দেবেন তিনি। জানা গেছে, ফাইনালে উঠলেও বাফুফের পক্ষ থেকে পুরস্কার থাকছে। টাকার অঙ্কটা হতে পারে ৫০ লাখ।
এই ঘোষণা জামাল ভূঁইয়াদের সেমিফাইনালে ভালো খেলতে আরও বেশি অনুপ্রাণিত করবে বলে বিশ্বাস বাফুফের শীর্ষ কর্তাদের। বাংলাদেশ সাফের সর্বশেষ ফাইনাল খেলেছিল ২০০৫ সালে পাকিস্তানের করাচীতে। দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাফে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল একবারই ২০০৩ সালে।