অলিম্পিয়াড
বাংলাদেশের তিন ব্রোঞ্জপদক জয়
সংযুক্ত আরব আমিরাতে আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে বিজয়ীরা -সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১১ জুলাই ২০২৩ | ১৮:০০ | আপডেট: ১২ জুলাই ২০২৩ | ০৫:২১
জীববিজ্ঞান নিয়ে বিশ্বের সবচেয়ে বড় প্রতিযোগিতা আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে (আইবিও) তিনটি ব্রোঞ্জপদক জিতেছে বাংলাদেশ। বিজয়ীরা হলো– স্কলাস্টিকা উত্তরার ফাইয়াদ আহম্মদ, ঢাকা সিটি কলেজের আহমদ নাইম ও রাজশাহী গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের শিক্ষার্থী ফায়েজ আহমদ। এ ছাড়া ‘সার্টিফিকেট অব মেরিট’ লাভ করেছে আরেক সদস্য সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের আরিজ আনাস।
আন্তর্জাতিক অলিম্পিয়াডে টিম বাংলাদেশের ধারাবাহিক এ বিজয়ে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াডের (বিডিবিও) সভাপতি অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া, সমকাল সম্পাদক আলমগীর হোসেন, উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ খানসহ আয়োজন সংশ্লিষ্টরা।
ফল প্রকাশের পরপরই দেশের উদ্দেশে যাত্রা করে টিম বাংলাদেশের সদস্যরা। বিমানবন্দরে অপেক্ষমাণ অভিভাবক ও আয়োজকদের পেয়ে শিক্ষার্থীরা আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করে। সমকালকে অনুভূতি জানাতে গিয়ে ফায়েজ আহমদ জানায়, বিশ্ব অঙ্গন থেকে বিজয় ছিনিয়ে আনতে পারার যে আনন্দ, তা ভাষায় প্রকাশ করা সম্ভব না। কিছু করার তাগিদ এবং নিজের ওপর আস্থা ছিল সব সময়। এবারের অর্জন অপ্রত্যাশিত ছিল না। তারা ভালো কিছুর আশায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে গেছে। তারই ধারাবাহিকতায় এ বিজয়। এই অর্জন আরও দূরে যেতে অনুপ্রাণিত করবে। এ বিজয়ের জন্য তার বাবা-মা, শিক্ষক, বিডিবিও, সমকাল এবং সর্বোপরি সৃষ্টিকর্তার প্রতি অসীম কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তাদের সহযোগিতা ছাড়া কোনোভাবেই এ বিজয় অর্জন সম্ভব হতো না। অপর বিজয়ী রাজশাহী গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের শিক্ষার্থী ফায়েজ আহমদের জন্য দ্বিতীয় ব্রোঞ্জপদক এটি। জীববিজ্ঞান নিয়ে এ আয়োজনের সঙ্গে জড়িতদের ধন্যবাদ জানিয়ে ফয়েজ সমকালকে জানায়, দ্বিতীয়বার অংশ নেওয়ায় প্রত্যাশা ও দায়িত্ব অনেক বেশি ছিল। আবারও ব্রোঞ্জপদক পাওয়ার খবরটা তাকে দারুণভাবে আনন্দ দিচ্ছে। দেশে অনেক মেধাবী শিক্ষার্থী রয়েছে। তারা আগামী দিনের অলিম্পিয়াডে অংশ নেবে, দেশের জন্য আরও ভালো ফল বয়ে আনবে– এটাই প্রত্যাশা।
উল্লেখ্য, বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড (বিডিবিও) এবং সমকালের যৌথ উদ্যোগে প্রতিবছর আয়োজিত হয় বাংলাদেশ জীববিজ্ঞান উৎসব। এতে পাওয়ার্ড বাই হিসেবে রয়েছে শাহ্জালাল ইসলামী ব্যাংক ও এসিআই মোটরস। নলেজ পার্টনার হিসেবে রয়েছে পাঞ্জেরী পাবলিকেশনস। প্রশিক্ষণ সহযোগী হিসেবে আছে ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি এবং কারিগরি সহযোগী ল্যাববাংলা।
- বিষয় :
- অলিম্পিয়াড
- জীববিজ্ঞান অলিম্পিয়াড
